২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি বাঁচাতে ইউনাইটেডের সাফল্য চান টেন হাগ

ক্লাব কর্তৃপক্ষের আস্থা ধরে রাখতে জয় ছাড়া কোনো বিকল্প দেখেন না এই ডাচ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 04:38 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

দল নেই ছন্দে। আসছে না প্রত্যাশিত ফলাফল। তাতে বেশ চাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। অবশ্য ক্লাব কর্তাদের আস্থার হাত এখনও আছে তার ওপর। আর এই বিশ্বাস ধরে রাখতে দলকে জয়ের ধারায় ফেরানোর বিকল্প দেখছেন না এই ডাচ কোচ।

দীর্ঘদিন ধরে সেরাটা দিতে ভুগছে পুরো ইউনাইটেড দল। গত মৌসুমের হতাশার ধারা চলছে এবারও। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে আছে ১৪ নম্বরে।

ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির এমন হতাশাজনক পারফরম্যান্সে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে দিনকে দিন। সবশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর তার ওপর চাপ বেড়েছে আরও। যদিও ওই ম্যাচের পরপরই টেন হাগকে আরও সময় দেওয়ার কথা বলেছেন ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমার বেরাদা।

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের লিগ শুরু করবে ইউনাইটেড। আগের দিন সংবাদ সম্মেলনে টেন হাগ বলেন, ক্লাবের কর্তাদের সমর্থন সামনেও পেতে হলে জিততে হবে তার দলকে।

“ফুটবলে আপনাকে জিততে হবে, পারফর্ম করতে হবে, এটা পরিষ্কার। ভালো দিক যে, নতুন নেতৃত্ব এটা মানে এবং এ সম্পর্কে কথা বলে। আরও সফল হতে আমরা একসঙ্গে কাজ করছি। ইতোমধ্যে যা অর্জন করেছি, তার চেয়ে আরও বড় লক্ষ্য আমাদের রয়েছে।”

প্রিমিয়ার লিগের গত মৌসুমে অষ্টম হয় ইউনাইটেড, ক্লাবটির ইতিহাসে যা তাদের সবচেয়ে বাজে মৌসুম। এরপর অবশ্য এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারে তারা।

কিন্তু নতুন মৌসুমে আবারও সেই ব্যর্থতার বৃত্তে বন্দি ইউনাইটেড। এর জন্য অবশ্য নিজেকে একা দায়ী করছেন না ৫৪ বছর বয়সী টেন হাগ। তার মতে, সবকিছু সঠিক দিশায় আসতে একটু সময়ের প্রয়োজন।

“এটা (ভালো করার দায়িত্ব) শুধু আমার ওপর পড়ে না। কেউ অস্বীকার করতে পারবে না, গত আট-নয় মাসে এই ক্লাবে অনেক কিছু ঘটেছে, নতুন নেতৃত্বের দল, নতুন কাঠামো ও মালিকানা …আমি বলব বিশাল পরিবর্তন এসেছে।”