২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লেফট ব‍্যাক কাব্রলের ডান পায়ের দুর্দান্ত গোলে মুগ্ধ আর্জেন্টিনা কোচ

ওই গোল নিয়ে মন্তব‍্য করতে গিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, আমি চাইছিলাম ম‍্যাচটা শেষ হোক।

লেফট ব‍্যাক কাব্রলের ডান পায়ের দুর্দান্ত গোলে মুগ্ধ আর্জেন্টিনা কোচ
চোখধাঁধানো গোল করে ছুট দিয়েছেন সিডনি লোপেস কাব্রেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 01:26 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

যারা ভেবেছিলেন সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে আর্জেন্টিনা, তাদের মধ‍্যে নেই লিওনেল স্কালোনি। আগে থেকেই তিনি বুঝতে পারছিলেন ম‍্যাচটা কঠিন হবে। আর সিডনি লোপেস কাব্রলের দুর্দান্ত গোলের পর তো তিনি চাইছিলেন, ম‍্যাচটা কোনোভাবে শেষ হোক। 

শেষ বত্রিশে বাংলাদেশ সময় শনিবার ভোরের ম‍্যাচে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। 

লিওনেল মেসির গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নেমে সমতা টানেন দেরয় দুয়ার্তে। এরপর অতিরিক্ত সময়ের শুরুতে লিসান্দ্রো মার্তিনেসের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা, এবং কিছুক্ষণ পর কাব্রলের গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে কেইপ ভার্ড। পরে, ডিনে বোর্জেস দুর্ভাগ্যবশত আত্মঘাতী হলে, শেষ ষোলোর টিকেট পায় স্কালোনির দল।

১০২তম মিনিটে অসাধারণ সুন্দর এক গোল করেন লেফট ব‍্যাক কাব্রল। সতীর্থের পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে, মাক আলিস্তেরকে কাটিয়ে ভেতরে ঢুকেই ডান পায়ে বাঁকানো শট নেন তিনি। বল হাওয়ায় ভেসে, বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। 

ম‍্যাচ শেষে স্কালোনি বললেন, অনেকে যেমন মনে করেছিলেন মোটেও তেমন সহজ ছিল না কেইপ ভার্ড ম‍্যাচ। আফ্রিকার ছোট্ট দেশটি দ্বিতীয়বার সমতা ফেরানোর পর বড় আপসেটের সম্ভাবনাও জেগে উঠেছিল। 

“আমি স্রেফ চাচ্ছিলাম, ম‍্যাচটা শেষ হোক। আপনারা দেখেছেন কী দুর্দান্ত এক গোল তারা করেছিল। আমি সবসময়ই সাবধান থাকি। যতটা দেখাচ্ছি আমি এর চেয়ে শান্ত ছিলাম।

“অনেকে ভেবেছিলেন, এটা সহজ ম‍্যাচ হবে। তবে আমরা জানতাম তেমনটা হবে না।”