১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেদারল্যান্ডস দলকে যেমন দেখতে চান কোচ শাভি

নতুন দায়িত্বে কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছেন বার্সেলোনা ও স্পেনের এই কিংবদন্তি।

নেদারল্যান্ডস দলকে যেমন দেখতে চান কোচ শাভি
শাভি এর্নান্দেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 01:28 AM

Updated : 16 Sep 2026, 01:00 PM

এবারের বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নেওয়া নেদারল্যান্ডস দলে নতুন প্রাণশক্তি আনার প্রতিশ্রুতি দিয়েছেন কোচ শাভি এর্নান্দেস। নতুন দায়িত্বে কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছেন বার্সেলোনা ও স্পেনের এই কিংবদন্তি।

দুই বছরের বেশি সময় কোচিংয়ের বাইরে থাকা শাভির হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়ার ঘোষণা চলতি মাসের মাঝামাঝি দেয় ডাচ ফুটবল ফেডারেশন। স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের সঙ্গে চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে ডাচদের ছিটকে পড়ার দায় নিয়ে দায়িত্ব ছাড়েন রোনাল্ড কুমান। তার স্থলাভিষিক্ত হওয়া শাভি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দল নিয়ে তার ভাবনা ও লক্ষ্যের কথা তুলে ধরেন।

“আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি দল, একটি গ্রুপ তৈরি করা এবং ফুটবলের বিচারে আমরা এমন একটি সাহসী দল তৈরি করতে চাই, যারা খেলায় আধিপত্য করবে, বল পায়ে খেলার নিয়ন্ত্রণ নেবে। একই সঙ্গে, আমাদের লক্ষ্য হলো সবাইকে এমন একটি দল দেখানো যাদের আবেগ, আকাঙ্ক্ষা এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, একজন কোচ হিসেবে এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

“আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, উপভোগ করতে এবং জিততে এসেছি। আমি জোর দিয়ে বলছি, আমরা এখানে জিততে এসেছি। আমি এই প্রকল্পের ওপর অনেক বিশ্বাস রাখি। খেলোয়াড়দের ওপর আমার অগাধ বিশ্বাস আছে এবং আমি শুরু করার জন্য সত্যিই খুব রোমাঞ্চিত।”

৪৮ বছরের মধ্যে নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ শাভি। সবশেষ বিদেশি কোচ ছিলেন এর্নষ্ট হ্যাপেল। কিংবদন্তি অস্ট্রিয়ান কোচের তত্ত্বাবধানে ১৯৭৮ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ডাচরা।

আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে জার্মানির বিপক্ষে নেশন্স লিগের কঠিন পরীক্ষা দিয়ে নেদারল্যান্ডসের ডাগআউটে অভিষেক হবে বার্সেলোনার সাবেক কোচ শাভির।