১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ক্ষুধার্ত’ পিএসজির লক্ষ্য আবারও সবকিছু জয়

উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করে এমন বার্তা দিয়েছেন দলটির ফরাসি উইঙ্গার দেজিরে দুয়ে।

‘ক্ষুধার্ত’ পিএসজির লক্ষ্য আবারও সবকিছু জয়
উয়েফা সুপার কাপের ট্রফি হাতে দেজিরে দুয়ে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 03:44 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

কয়েক বছর ধরে একের পর এক শিরোপা জিতেও যেন ক্ষুধা কমছে না পিএসজির। টানা দ্বিতীয় মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ জিতে যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়সূচক গোল করা ফরাসি উইঙ্গার দেজিরে দুয়ে বললেন, এবারও সবকিছু জিততে চান তারা।

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বর্তমান দুই চ্যাম্পিয়নের লড়াই মাঠে গড়ায় বুধবার, অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায়। সেখানে ইংলিশ ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে পিএসজি।

এনিয়ে টানা দ্বিতীবার উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। গত মৌসুমে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এই শিরোপার স্বাদ পেয়েছিল ফরাসি ক্লাবটি।

গত দুই মৌসুম স্বপ্নের মতো কাটে পিএসজির। ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি গড়েছিল তারা ট্রেবল জয়ের কীর্তি। ২০২৫-২৬ মৌসুমেও ইউরোপ সেরার ট্রফি ধরে রাখে ফরাসি চ্যাম্পিয়নরা। সঙ্গে লিগ আঁ, ফরাসি সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপও জিতে দলটি।

২০২৬-২৭ মৌসুমের শুরুটাও দারুণ হলো পিএসজির। ভিলার বিপক্ষে ২০তম মিনিটে দর্শনীয় এক গোলে দলকে এগিয়ে নেন খাভিচা কাভারাৎসখেলিয়া। প্রথমার্ধেই সমতা ফেরান ভিলার অভিষিক্ত টিনএজার ব্রায়ান।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ব্যবধান গড়ে দেন দুয়ে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসে তিনি বলেন, “আমরা সবসময়ই ক্ষুধার্ত। আমরা আরও চাই।”

এরপরই এবারের মৌসুমে তাদের লক্ষ্যের কথা তুলে ধরেন ২১ বছর বয়সী দুয়ে।

“চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর আমি বলেছিলাম, আমরা আরও চাই। আমরা উচ্চাকাঙ্ক্ষী, আমরা তরুণ একটি দল। এই মৌসুমে আবারও সবকিছু জিততে চাই।”

আগামী রোববার ফরাসি সুপার কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে লসেঁর মুখোমুখি হবে পিএসজি।