২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভিলার বিপক্ষে ‘নিষ্ঠুর সেই হার’ ফের দেখবেন আর্তেতা

এক মাসের মধ্যে দ্বিতীয়বার অ্যাস্টন ভিলার মুখোমুখি হচ্ছে মিকেল আর্তেতার দল আর্সেনাল।

ভিলার বিপক্ষে ‘নিষ্ঠুর সেই হার’ ফের দেখবেন আর্তেতা
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

দিনে দিনে যেন আর্সেনালের দুঃখ হয়ে উঠছে অ্যাস্টন ভিলা। চলতি মৌসুমেও তাদের বিপক্ষে একবার হেরেছে মিকেল আর্তেতার দল। অন্তিম সময়ে গোল হজমের সেই তিক্ত স্মৃতি এখনও তরতাজা। ঘরের মাঠে লড়াইয়ের আগে নিজেকে অনুপ্রাণিত করতে হৃদয় ভাঙা ওই হারের ভিডিও ফের দেখবেন কোচ আর্তেতা।

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার ভিলার বিপক্ষে খেলবে আর্সেনাল। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভিলা। ৪০ পয়েন্ট নিয়ে দুই দলের মাঝে অবস্থান ম্যানচেস্টার সিটির।

পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের দুটির মধ্যে লড়াইয়ে এমনিতেই থাকে রোমাঞ্চের হাতছানি। সেটা আরও বেড়ে গেছে দুই দলের লড়াইয়ের সাম্প্রতিক ফলাফলে।

২০০৩-০৪ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া আর্সেনাল গত কয়েক মৌসুমে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি। প্রতিবারই শেষদিকে গিয়ে খেই হারিয়ে ফেলেছে তারা, এতে কিছুটা ভূমিকা আছে ভিলার। 

২০২৩-২৪ মৌসুমে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্নে বড় আঘাতটা দেয় ভিলা। সেবার দুই লেগেই হেরেছিল আর্তেতার দল। ২০২৪ সালের এপ্রিলে, ফিরতি লেগে ঘরের মাঠে ২-০ গোলে হারে সেই যে পিছিয়ে পড়ে তারা, বাকি ছয় ম্যাচ জিতেও ব্যবধান আর ঘোচাতে পারেনি। ২ পয়েন্টে এগিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি।

গত মৌসুমেও ভিলার বিপক্ষে ভুগতে হয় আর্সেনালের। গত জানুয়ারিতে নিজেদের মাঠে ড্র করে ২-২ ব্যবধানে। 

চলতি মৌসুমে গত ৬ ডিসেম্বর ভিলার মাঠে শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে হারে আর্সেনাল। সিটির সঙ্গে তাদের ব্যবধান নেমে আসে কেবল ২ পয়েন্টে। এবার ঘরের মাঠে পা হড়কানোর কোনো সুযোগ নেই আর্তেতার দলের সামনে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভিলার বিপক্ষে কোনো ভুল না করার প্রত্যয় শোনা গেল আর্সেনাল কোচের কণ্ঠে।

“আমাদের সামনে সত্যিই একটি কঠিন ম্যাচ। আমরা ওদের চিনি, জানি ওরা কী করছে। প্রস্তুত হওয়া এবং লড়াইয়ের জন্য এটা চমৎকার এক ম্যাচ।”

“আমরা ফের ওই ম্যাচ দেখব। আমার কিছু ভাবনা আছে এবং কিছু ব্যাপার আছে, যেগুলোতে আমরা উন্নতি করতে পারি। আমরা যেভাবে ম্যাচটা হেরেছি, খুব নিষ্ঠুর ছিল তা। তবে হ্যাঁ, এটা থেকে আমরা শিখেছি। যদি সেটা অনুপ্রেরণা বাড়াতে এবং ক্ষুধা বাড়ানোয় সঠিকভাবে কাজে লাগে, তাহলে অবশ্য দেখব।”

আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে প্রিমিয়ার লিগে টানা আটটিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে ভিলা।