২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাফ ফুটসালে ভারতকে হারিয়ে শুরু সাবিনা-কৃষ্ণাদের

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ম্যাচে চালকের আসনে বসেছিল বাংলাদেশ।

সাফ ফুটসালে ভারতকে হারিয়ে শুরু সাবিনা-কৃষ্ণাদের
ভারতকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালে শুভসূচনা করেছেন কৃষ্ণা-সাবিনারা। ছবি: সাফ

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 03:22 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

একেবারে আনকোরা দল, অধিকাংশই ফুটসালে নতুন, তবুও বাংলাদেশের শুরুটা হলো দারুণ। প্রথমার্ধেই ভারতকে চেপে ধরা সাবিনা-নীলারা আধিপত্য ধরে রাখলেন দ্বিতীয়ার্ধেও। দারুণ জয়ে প্রথমবারের মতো সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলাদেশের শুরুটাও হলো জয়ের হাসি দিয়ে।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধে দল এগিয়ে ছিল ২-০ ব্যবধানে।

চলতি আসরে ভারতকে প্রথম হারের তেতো স্বাদ দিল বাংলাদেশ। মালদ্বীপকে ১১-১ গোলে উড়িয়ে আসর শুরু করেছিল ভারত।

গোছালো আক্রমণ থেকে সপ্তম মিনিটে গিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা রানী সরকারকে পাস বাড়িয়ে ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে পড়েন সাবিনা খাতুন। কৃষ্ণার ফিরতি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন অধিনায়ক।

সাবিনা-কৃষ্ণা জুটির বোঝাপড়ায় ত্রয়োদশ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক থেকে কৃষ্ণার কোনাকুণি পাস টোকায় জালে জড়িয়ে দেন গোলমুখে থাকা সাবিনা।

দ্বিতীয়ার্ধেও ভারতের উপর ছড়িয়ে ঘোরানো বাংলাদেশ ব্যবধান আরও বাড়িয়ে নেয় ৩১তম মিনিটে। এবার পাল্টা আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন মাতসুশিমা সুমাইয়া। শেষ দিকে ভারত ব্যবধান কমানো একমাত্র গোলটি পায়।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের সাথে ১-১ ড্র দিয়ে আসর শুরু করেছে ভুটান।