১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আর্সেনালকে গত মৌসুমের চেয়েও উঁচুতে দেখছেন আর্তেতা

চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েও পাওয়া জয়কে ইংলিশ চ‍্যাম্পিয়নদের সামর্থ‍্যের প্রমাণ হিসেবে দেখছেন কোচ।

আর্সেনালকে গত মৌসুমের চেয়েও উঁচুতে দেখছেন আর্তেতা
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 04:37 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

নিজেদের ইতিহাসে শত বছরের মধ‍্যে প্রথমবারের মতো ইংল‍্যান্ডের শীর্ষ লিগের শিরোপা ধরে রাখার চ‍্যালেঞ্জে শুরুটা ভালো করেছে আর্সেনাল। চেলসির বিপক্ষে পিছিয়ে পড়ার পরও দল শতভাগ জয়ের ধারা ধরে রাখতে পারায় আত্মবিশ্বাস বেড়েছে কোচ মিকেল আর্তেতার। তিনি মনে করছেন, চলতি মৌসুমে আরও উঁচু স্তরে পৌঁছাতে পারবে আর্সেনাল। 

৭৭ সেকেন্ডে ম‍্যাচে পিছিয়ে পড়ে আর্সেনাল। পরে কাই হাভার্টজ ও অধিনায়ক মার্টিন ওদেগোরের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ চ‍্যাম্পিয়নরা। চেলসির বিপক্ষে টানা ১০ ম‍্যাচ অপরাজিত থাকল তারা।

১৯৩০ এর দশকের পর প্রথমবারের মতো ইংল‍্যান্ডের শীর্ষ লিগের শিরোপা ধরে রাখার চ‍্যালেঞ্জ আর্সেনালের সামনে। প্রথম চার ম‍্যাচ জয়ের পর এখন আরও বেশি আত্মবিশ্বাসী আর্তেতা।

“আমি মনে করি, এটা আমাদের জন‍্য একটা ইঙ্গিত যে, গত মৌসুমের চেয়েও উঁচু স্তরের ফুটবল আমরা খেলতে পারি। তবে এটা নির্ভর করছে আমরা কীভাবে সেই আকাঙ্ক্ষা ও নম্রতার যত্ম নিচ্ছি ও ধরে রাখছি এবং প্রতিদিন নিজের ও দলের আরও একটি উন্নত সংস্করণ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি তার উপর।” 

ম‍্যানচেস্টার সিটির পর কেবল আর্সেনালই প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম তিন ম‍্যাচ জিতেছে। আর্তেতার মতে, এই লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখা ভীষণ কঠিন।

“কদিন আগে আমরা ভিলা পার্কে গিয়েছিলাম এবং সেই ম‍্যাচ ভীষণ কঠিন ছিল। আজও ফের সেটা হলো। এরপর আমরা সান্ডারল‍্যান্ডে যাব (আগামী শনিবার) আবারও সেই একইরকম হবে, ভীষণ কঠিন। আমরা জানি, প্রতিটা সপ্তাহ এমনই যাবে আর আমরা এর জন‍্য প্রস্তুত।”