২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কথা রাখলেন কুকুরেইয়া, শরীরে আঁকালেন কোচের ট্যাটু

ফাইনালের আগে আরেকটি ঘোষণা দিয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার, সেই বিষযে অবশ্য কিছু বলেননি তিনি।

কথা রাখলেন কুকুরেইয়া, শরীরে আঁকালেন কোচের ট্যাটু
কুকুরেইয়ার হাতে বিশ্বকাপ জয়ী কোচের মুখ। ছবি: কুকুরেইয়ার ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 01:26 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বিশ্বকাপ জিতলে নিজের শরীরে আঁকাবেন কোচের ট্যাটু- ফাইনালের আগে দেওয়া কথা রাখলেন মার্ক কুকুরেইয়া। মঙ্গলবার বাইসেপে কোচ লুইস দে লা ফুয়েন্তের ছবি আঁকিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

গত ১৯ জুলাই নিউ জার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয় করে স্পেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তেও হাসিমুখে শিষ্যকে মনে করিয়ে দেন সেই কথা।

মঙ্গলবার নিজের কথা রাখলেন কুকুরেইয়া। বাঁ হাতে ট্রফি ধরে থাকা কোচের একটি ছবির ট্যাটু করানো ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করেন ২৮ বছর বয়সী এই ফুলব্যাক।

ক্যাপশনে লেখেন, “প্রতিশ্রুতি পূরণ হলো।“

ফাইনালের আগে অবশ্য আরেকটি ঘোষণাও দিয়েছিলেন কুকুরেইয়া। বলেছিলেন, বিশ্বকাপ জিতলেই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

সেই বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি সম্প্রতি চেলসি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া কুকুরেইয়া।