১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অসাধারণ গোলের পর মেসি-রোনালদোর সঙ্গে তুলনা এস্তেভোঁর, আপত্তি কোচের

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়েও ‘একইরকম বাড়াবাড়ি’ হয়, যা মোটেও ঠিক নয় বলে মনে করেন এন্টসো মারেস্কা।

অসাধারণ গোলের পর মেসি-রোনালদোর সঙ্গে তুলনা এস্তেভোঁর, আপত্তি কোচের
চেলসির ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এস্তেভোঁ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল, মাঠে সময়টা দুর্দান্ত কাটছে এস্তেভোঁর। দারুণ সব গোলে দলের জয়ে রাখছেন ভূমিকা। সবশেষ ম্যাচে চমৎকার একটি গোল করে সব আলো যেন নিজের দিকে টেনে নিয়েছেন চেলসির তরুণ ফরোয়ার্ড। ক্যারিয়ারের শুরুতে বড় মঞ্চে এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর, কেউ কেউ মেসি-রোনালদোর মতো মহারতারকার সঙ্গে তার তুলনা করতে শুরু করেছেন। বিষয়টা অবশ্য একদমই পছন্দ নয় চেলসি কোচ এন্টসো মারেস্কার।

এস্তেভোঁর সবশেষ নজরকাড়া পারফরম্যান্স দেখা গেছে মঙ্গলবার রাতে, চ্যাম্পিয়ন্স লিগে। বার্সেলোনার বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে ৫৫তম মিনিটে দর্শনীয় গোলটি করেন তিনি।

রিস জেমসের পাস পেয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে, এরিক গার্সিয়াকে কাটিয়ে এবং আলেহান্দ্রো বাল্দের বাধা এড়িয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ১৮ বছর বয়সী ব্রাজিয়ান ফরোয়ার্ড।

এমন দুর্দান্ত গোল দেখে এস্তেভোঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে অনেকে। তুলনা করতে শুরু করেছেন গ্রেটদের সঙ্গে, যা একদমই পছন্দ হচ্ছে না মারেস্কার। তার চোখে, বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়েও ‘একইরকম বাড়াবাড়ি’ হয়, যা মোটেও ঠিক নয়।

“এস্তেভোঁর নির্ভার থাকতে হবে। তার (ফুটবল) উপভোগ করতে হবে, তার আরও অনুশীলন করতে হবে। তাকে কেবল ফুটবল খেলে যেতে হবে। সে, লামিনে, তারা এখনও বয়সে খুব তরুণ, মাত্র ১৮ বছর বয়স। আর এই বয়সে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করলে, আমার মতে তাদের ওপর খুব বেশি চাপ হয়ে যায়। তাদের উপভোগ করতে হবে, অনুশীলন মাঠে আসতে হবে, খুশিমনে সবকিছু করতে হবে।”

“মেসি কিংবা রোনালদোর সঙ্গে তুলনা করা হলে, তাদের ওপর অনেক চাপ পড়ে যায় বলেই আমার মনে হয়।”

কদিন আগে ব্রাজিলের হয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পাওয়া এস্তেভোঁ জাতীয় দলের হয়ে সবশেষ ছয় ম্যাচে ৫ গোল করেছেন। আর পালমেইরাস থেকে এবারের গ্রীষ্মে চেলসিতে আসার পর থেকে দলটির হয়ে মোট পাঁচ গোল করেছেন তিনি। 

তবে এসব সংখ্যার ভিড়ে তার সবশেষ গোলটি যেন তার সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। সুন্দর গোলটি করে এস্তেভোঁও আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

“আসলে আমি কেমন অনুভব করছি, তা বোঝানোর মতো শব্দ পাচ্ছি না। আমার জন্য সবকিছু যেন খুব দ্রুত ঘটে গেছে। কিছুটা জায়গা পেয়ে আমি এগিয়ে যাই। আশা করি অনেক বছর ধরে আমি এভাবে গোল করে যেতে পারব।”

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে বার্সেলোনা।