১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদকে নিয়ে ইয়ামালের অসম্মানজনক মন্তব্যে নিশ্চুপ আলোন্সো

কে কী বলল, সেসব নিয়ে না ভেবে ক্লাসিকোয় মনোযোগ দিতে বললেন মাদ্রিদের ক্লাবটির কোচ।

রেয়াল মাদ্রিদকে নিয়ে ইয়ামালের অসম্মানজনক মন্তব্যে নিশ্চুপ আলোন্সো
শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

‘ধোঁকাবাজ’ রেয়াল মাদ্রিদ, কেবলই তারা ‘অভিযোগ করে’- ক্লাসিকোর আগে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের এমন আপত্তিকর মন্তব্য নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শাভি আলোন্সোর সংবাদ সম্মেলনেও স্বাভাবিকভাবে উঠল বিষয়টি। কিন্তু রেয়াল কোচ বিষয়টি নিয়ে কথাই বলতে চাইলেন না।

তিনি বরং সবাইকে যেন মনোযোগ দিতে বললেন ক্লাসিকোর লড়াইয়ে, যার গুরুত্ব অনেক। সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার বাংলাদেশ সময় সোয়া ৯টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

‘কিংস লিগ’ অনুষ্ঠানে সম্প্রতি বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্দ পিকের সঙ্গে উপস্থিত হয়ে ইয়ামাল রেয়ালকে কিং লিগের দল প্রসিনোসের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘অবশ্যই! হ্যাঁ, তারা ধোঁকা দেয়, তারা অভিযোগ করে…’, তার মন্তব্যকে সমর্থন করেন পিকে।    

ইয়ামালের অমন মন্তব্য জোর আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রেয়াল মাদ্রিদের প্রতি যা ভীষণ অসম্মানজনকও। এই বিষয়ে আলোন্সোর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ…(অন্য বিষয়ে না তাকানোর মতো) যথেষ্ট গুরুত্বপূর্ণ।”

“ভালো খেলার প্রেরণা পেতে এই লড়াইয়ে অনেক উপাদান আছে, আমাদের উপভোগ করার জন্যও অনেক কিছু আছে। আর সেগুলোই আমাদের রোমাঞ্চিত করে, আগামীকালকের ম্যাচের যা সবচেয়ে বড় অনুপ্রেরণাদায়ক।”

তারপরও ওই বিষয়ে প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। কিন্তু আলোন্সো একই ঢংয়ে উত্তর দেন।

“না, আমি এই বিতর্কে ঢুকব না। বার্সেলোনায় অনেক মানুষের থেকে অনেক রকম মন্তব্য এসেছে এবং আমি ওই সবগুলোর বিষয়ে মন্তব্য করতে পারব না।”

“আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ, মাঠে যা হবে তাই। পেছনে আমরা কী করেছি এবং সামনে কী অপেক্ষা করছে, এটাই আমার ভাবনার বিষয় এবং এটা নিয়েই আমরা কাজ করছি।”

গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য দাঁড়াতেই পারেনি রেয়াল। তিন প্রতিযোগিতায় চারবারের দেখায় সবগুলোতে পরাজিত হয় মাদ্রিদের দলটি। 

এবার অবশ্য লা লিগায় এখন পর্যন্ত শীর্ষে আছে রেয়াল, ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে শিরোপাধারী বার্সেলোনা।