১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মোহামেডানের ডাগআউটে ভারেলা, আবাহনীর দায়িত্বে মারুফুল

নতুন মৌসুম সামনে রেখে আর্জেন্টাইন বংশোদ্ভুত স্প্যানিশ কোচকে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মোহামেডানের ডাগআউটে ভারেলা, আবাহনীর দায়িত্বে মারুফুল
ফের্নান্দো সান্তিয়াগো ভারেলা (বাঁয়ে) ও মারুফুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 02:12 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

নতুন মৌসুমের দল গুছিয়ে নেওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কোচ নিয়োগ দিল। সাদাকালো জার্সিধারীদের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফের্নান্দো সান্তিয়াগো ভারেলা। বাংলাদেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী তাদের ডাগআউটে আস্থা রেখেছে স্থানীয় কোচ মারুফুল হকের ওপরই।

৫৩ বছর বয়সী ভারেলার দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা অনেক। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ তার ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন ভারতে। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ছিলেন গোকুলাম কেরালার দায়িত্বে। এরপর চার্চিল ব্রাদার্স, শ্রিনিধি ডেক্কান, বেঙ্গালুরু ইউনাইটেডেও কাজ করেছেন। 

এরপর আফগানিস্তানের দল আবু মুসলিম ঘুরে ফিরে আসেন ভারতের আরেক দল স্পোর্তিং দে গোয়াতে। 

মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডান ক্লাব ভবনে মঙ্গলবার ভারেলার হাতে দায়িত্ব দেওয়ার কথা জানান।

এদিকে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর আবাহনীও ঘর গোছাতে শুরু করেছে। তবে নিষেধাজ্ঞা উঠলেও, আবাহনীর সময়ের সেরা ফুটবলার পাওয়া কঠিন। ২০২৪ থেকে দলটির দায়িত্বে থাকা মারুফুলের জন্য ২০২৬-২৭ মৌসুমটা তাই কঠিনই হতে যাচ্ছে।

কোচিং ক্যারিয়ারে মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি এবং আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে সাফল্যে পেলেও আবাহনীর হয়ে এখনও কোনো শিরোপা জেতা হয়নি মারুফুলের।

টিম ম্যানেজারের চেয়ারে বদল এনেছে আবাহনী। দীর্ঘদিনের টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপুকে সরিয়ে সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপনকে ম্যানেজার করেছে দলটি।

ইতোমধ্যে বসুন্ধরা কিংসের অধিকাংশ খেলোয়াড় এবং পরিচিত মুখদের নিয়ে দল গুছিয়ে নিয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। 

আর ফিফার নিষেধাজ্ঞা এখনও না ওঠায় কিংসের আগামী মৌসুমের খেলা অনিশ্চিত।