১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেফারির রিপোর্টে রেয়াল অধিনায়ক কার্ভাহালের নাম

আলেহান্দ্রো কিনতেরোর রিপোর্টে বলা হয়েছে, সরাসরি লাল কার্ড দেখানো হয় কারেরাস ও এন্দ্রিককে।

রেফারির রিপোর্টে রেয়াল অধিনায়ক কার্ভাহালের নাম
রেয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 12:51 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সেল্তা ভিগোর বিপক্ষে রেয়াল মাদ্রিদের ম‍্যাচের পর আলোচনার কেন্দ্রে থাকা রেফারি আলেহান্দ্রো কিনতেরোর রিপোর্ট প্রকাশ করেছে স্প‍্যানিশ গণমাধ‍্যমগুলো। সেখানে চোটের জন‍্য আপাতত মাঠের বাইরে থাকা রেয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহালের নাম এসেছে। 

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে হারে রেয়াল মাদ্রিদ। অনেকটা সময় ১০ জন ও যোগ করা সময়ে কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

কিনতেরোর রিপোর্টে বলা হয়, দুটি হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় ফ্রান গার্সিয়ার। এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হবেন এই ডিফেন্ডার।। 

আলভারো কারেরাস দুটি হলুদ কার্ডের জন‍্য নয়, সরাসরি লাল কার্ড দেখায় মাঠ ছাড়েন। এই কার্ডের কারণ হিসেবে রিপোর্টে বলা হয়েছে, রেফারিকে কারেরাস বলেছিলেন ‘আপনি খুব বাজে।’ এতে দুই ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হতে পারেন রেয়াল ডিফেন্ডার। 

এই ঘটনার সময় উত্তপ্ত পরিস্থিতিতে লাল কার্ড দেখেন রেয়ালের বেঞ্চের খেলোয়াড় এন্দ্রিক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কার্ডের কারণ হিসেবে বলা হয়েছে, বেঞ্চ থেকে উঠে, টেকনিক‍্যাল এরিয়া ছাড়িয়ে ফোর্থ অফিসিয়ালকে লক্ষ‍্য করে চিৎকার করেন এন্দ্রিক। কোচিং স্টাফদের তাকে সামলাতে হয়। 

চোটের জন‍্য স্কোয়াডেই নেই কার্ভাহাল। ঘরের মাঠে সাধারণত ম‍্যাচের শেষ দিকে টানেলে চলে আসেন রেয়ালের স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়রা। এদিন অভিজ্ঞ স্প‍্যানিশ ডিফেন্ডার চড়াও হন কিনতেরোর উপর। সেই ঘটনা তিনি রিপোর্টে বর্ণনা করেছেন। 

“ম‍্যাচ শেষ হওয়ার পর টানেল ধরে ড্রেসিং রুমে যাওয়ার পথে আমি দানিয়েল কার্ভাহাল রামোসকে দেখতে পাই। রেয়ালের জার্সি নয়, তার পরনে ছিল সাধারণ পোশাক। তিনি আমাকে বলেন, এখানে যে মান দেখিয়েছেন এরপর তো প্রেস কনফারেন্সে কান্নাকাটি করেন।” 

চোটের জন‍্য যেহেতু আপাতত বাইরে আছেন কার্ভাহাল। তার শাস্তি হবে কিনা, হলে কী ধরনের শাস্তি হবে সেটা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

১৬ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া রেয়াল ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী বার্সেলোনা।