এফএ কাপ
Published : 10 Jan 2026, 04:54 PM
ক্লাবের মালিকদের একজন জিম র্যাটক্লিফের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলেননি ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ ড্যারেন ফ্লেচার। এই ভূমিকায় নিজের সম্ভাব্য শেষ ম্যাচের জন্য দলকে প্রস্তুত করছেন তিনি।
আগামী রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে খেলবে ইউনাইটেড।
হুবেন অ্যামুরিকে ছাঁটাই করার পর আপদকালীন কোচ হয়ে আসেন ফ্লেচার। তার কোচিংয়ে গত বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ২-২ ড্র করে ইউনাইটেড।
ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ফ্লেচার জানালেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ওমার বেরাদা ও ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্সের সঙ্গেই শুধু কথা হয় তার।
“তার (র্যাটক্লিফ) সঙ্গে আমার কথা হয়নি। আমি কথা বলি ওমার ও জেসনের সঙ্গে। আমার হাতে যে কাজ- দলতে দুই ম্যাচের জন্য প্রস্তুত করা, আমি সেদিকেই মনোযোগ দিচ্ছি। আমার ভবিষ্যৎ নিয়ে ভাবনা কিংবা আলোচনা নেই।”
“তারা আমাকে দুই ম্যাচের জন্য পূর্ণ দায়িত্ব দিয়েছেন। নিজে সিদ্ধান্ত নেওয়া, দলকে নেতৃত্ব দেওয়া, পথ দেখানো এবং প্রস্তুত করা- এই কাজগুলো আমি করছি।”
ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় এই বছর খেলছে না ইউনাইটেড। লিগ কাপ থেকেও ছিটকে গেছে মৌসুমের শুরুর দিকে। এফএ কাপেই কোনো শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা দেখছেন ফ্লেচার, যেটি ইউনাইটেড ২০২৪ সালে সবশেষ জিতেছিল এরিক টেন হাগের কোচিংয়ে।
“এটা গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা। ম্যানচেস্টার ইউনাইটেড মানেই শিরোপা জয়। আমি মনে করি, সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিযোগিতায় আমাদের ভালো কিছু সাফল্য আছে। মৌসুমে এখন পর্যন্ত যে অবস্থা, ইউরোপে খেলছি না, লিগ কাপ থেকে ছিটকে গেছি, এফএ কাপের জন্য প্রতিযোগিতা করা উচিত এবং শিরোপা জয়ের জন্য নিজেদের উজাড় করে দেওয়া উচিত।”
“দুই বছর আগে শিরোপা জিতেছি এবং একটি ফাইনালে হেরেছি (২০২৩ সালে)। এটা চমৎকার একটি প্রতিযোগিতা। খেলোয়াড় হিসেবে আমি প্রথম এই শিরোপা জিতেছিলাম। এটা বিশেষ একটা টুর্নামেন্ট।”