মৌসুমের প্রথম ক্লাসিকো বার্সার মাঠে
২০২৩-২৪ লা লিগায় প্রথম ক্লাসিকো হবে আগামী ২৯ অক্টোবর।
নতুন মৌসুমে লা লিগায় স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ প্রথম মুখোমুখি হবে আগামী ২৯ অক্টোবর। ম্যাচটি হবে বার্সেলোনার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে।
২০২৩-২৪ লা লিগার সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। আগামী ১৩ অগাস্ট গেতাফের মাঠে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা। একই দিন রিয়াল তাদের প্রথম ম্যাচ খেলবে আথলেতিক বিলবাওয়ের মাঠে।
কাম্প নউয়ে সংস্কার কাজের জন্য এবারের মৌসুমে বার্সেলোনা তাদের হোম ম্যাচগুলি খেলবে লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে।
লিগের ফিরতি ক্লাসিকো হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে, আগামী বছরের ২১ এপ্রিল।
গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুমে দেখা হবে বার্সেলোনা ও রিয়ালের। আগামী ২৯ জুলাই ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে।
লা লিগায় প্রথম মাদ্রিদ ডার্বিতে আগামী ২৪ সেপ্টেম্বর আতলেতিকোর মাঠে খেলবে রিয়াল। বের্নাবেউয়ে দুই দলের ফিরতি ম্যাচ হবে পরের বছরের ৪ ফেব্রুয়ারি।
