২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে লড়াই করতে প্রস্তুত নাভাস

রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা পেতে ইকার ক্যাসিয়াস আর দিয়েগো লোপেসের সঙ্গে লড়াই করতে হবে কেইলর নাভাসকে। এই লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কোস্টা রিকার হয়ে ব্রাজিল বিশ্বকাপে খেলা গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 12:38 AM

Updated : 13 Oct 2022, 12:25 PM

লেভান্তে থেকে কদিন আগেই রিয়াল মাদ্রিদে নাম লেখান গত মৌসুমে স্পেনের লা লিগা আর সদ্য শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপে ভালো খেলা নাভাস। রিয়ালে নাম লেখাতে পারাকে একটা 'স্বপ্ন পূরণ' বলে আখ্যা দেন কোস্টা রিকার গোলরক্ষক।

তবে স্বপ্ন পূরণ করেই বসে থাকতে চান না নাভাস। রিয়ালের শুরুর একাদশে নিয়মিত জায়গা করে নিতে চান তিনি।

"আমি লটারির টিকেট কিনে এখানে আসিনি। নিজেকে আমি চ্যালেঞ্জ নেয়ার জন্য যোগ্যই মনে করি।"

৩৩ বছর বয়সী ক্যাসিয়াস আর ৩২ বছরের লোপেস তার জন্য প্রেরণাময় দুটি নাম বলে উল্লেখ করেন নাভাস। তবে ২৭ বছর বয়সী এই গোলরক্ষক কোনো অংশেই নিজেকে পিছিয়ে রাখছেন না।

"কাজই আমার ভিত এবং কঠোর পরিশ্রম করলে আপনি নিজেকে যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মনে করবেন।"

৬ বছরের চুক্তি করা নাভাস মঙ্গলবার রিয়াল মাদ্রিদে মেডিকেল পরীক্ষার পর জানান, সবকিছু নিয়ে তিনি শান্তই আছেন। এখন শুধু কঠোর অনুশীলন করে শুরুর একাদশে জায়গা পাকাপোক্ত করার অপেক্ষায় আছেন তিনি।