১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিগ আঁ থেকে নামিয়ে দেওয়া হলো সাতবারের ফরাসি চ্যাম্পিয়নদের

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে ফরাসি ক্লাবটি।

লিগ আঁ থেকে নামিয়ে দেওয়া হলো সাতবারের ফরাসি চ্যাম্পিয়নদের
আগামী মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগে হয়তো দেখা যাবে না লিওঁকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ক্লাবের আর্থিক দুরাবস্থার কারণে অলিম্পিক লিওঁকে লিগ আঁ থেকে দ্বিতীয় স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সাতবারের ফরাসি চ্যাম্পিয়নরা। 

ফরাসি পেশাদার লিগ (এলএফপি) কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে লিওঁর অবনমনের কথা জানায়।

ফরাসি পেশাদার ফুটবল ক্লাবগুলোর হিসাব তদারককারী সংস্থা দা ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল (ডিএনসিজি) গত নভেম্বরে লিওঁর সাময়িকভাবে অবনমনের কথা জানিয়েছিল। তখন জানুয়ারির দলবদলের উইন্ডোতে কোনো খেলোয়াড় দলে টানার ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল ক্লাবটিকে। 

লিওঁর মালিক মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরসহ ক্লাবের কর্মকর্তারা মঙ্গলবার ডিএনজিসির সঙ্গে সাক্ষাৎ করে। কিন্তু তারা সংস্থাটিকে বোঝাতে ব্যর্থ হয় যে, ক্লাবের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, যাতে শাস্তি প্রত্যাহার করা যায়।

লিওঁর ৭৭ শতাংশ শেয়ারের মালিক জন টেক্সটরের ঈগল ফুটবল গ্রুপ। গত অক্টোবরে তারা জানিয়েছিল, ক্লাবের ঋণের পরিমাণ ৪২ কোটি ২০ লাখ পাউন্ড। 

২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতটি লিগ শিরোপা জিতেছিল ফরাসি জায়ান্ট লিওঁ। এই সময়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল তারা।

এবারের লিগ আঁতে ষষ্ঠ হয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করে লিওঁ। যদি তাদের শাস্তির সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে তাদের জায়গায় নতুন মৌসুমে লিগ আঁতে খেলবে রাঁস। এবার রেলিগেশন প্লে-অফে মেসের কাছে হেরে শীর্ষ লিগ থেকে অবনমন হয় দলটির।