ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 05 Jul 2024, 07:47 PM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের হতাশায় মোড়া যাত্রা শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করলেন না ইয়ান ভার্টোনেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বেলজিয়ান ফুটবলের সোনালী প্রজন্মের সদস্য এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ফুটবলার।
সামাজিক মাধ্যমে শুক্রবার ছোট্ট একটি পোস্টে জাতীয় দলের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী ভার্টোনেন। দীর্ঘ এই সময়ে বেলজিয়ামের হয়ে ১৫৭ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। দলটির জার্সি গায়ে দেড়শ ম্যাচও খেলতে পারেননি কেউ।
বেলজিয়ামের হয়ে ১০ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্টও আছে ভার্টোনেনের।
চলমান ইউরোতে বেলজিয়ামের খেলা চার ম্যাচের তিনটি খেলেছেন এই ফুটবলার। গ্রুপ পর্বে স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন বেঞ্চে। গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে ওঠে বেলজিয়াম।
শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে বড় অঘটন ঘটান ভার্টোনেন। ম্যাচের শেষ দিকে তার আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হেরে বিদায় নেয় বেলজিয়াম। ইউরোর গত দুই আসরেও দলটির প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।
২০০৭ সালে ২০ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু হয় ভার্টোনেনের। শেষের মতো নিজের প্রথম ম্যাচেও হারের তেতো স্বাদ পেয়েছিলেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ওই ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বেলজিয়াম।
দেশকে কয়েকটি ম্যাচে নেতৃত্বও দেন ভার্টোনেন। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলা বেলজিয়াম দলের সদস্য ছিলেন তিনি। চার বছর পর রাশিয়ায় সেমি-ফাইনালে ওঠা দলেও ছিলেন এই ডিফেন্ডার।
২০২২ সালে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বেলজিয়াম। ওই আসরেও দলটির প্রতিনিধিত্ব করেন তিনি। এবার জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টেনে দিলেন এই ফুটবলার।