Published : 24 May 2026, 07:13 PM
বার্সেলোনার জার্সিতে আলেক্সিস পুতেয়াসের ক্যারিয়ার সাফল্যে ভরা, জিতেছেন অসংখ্য শিরোপা। কিন্তু প্রিয় আঙিনায় তার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় মোড়া। যদিও তাকে খুব একটা চিন্তিত দেখাচ্ছে না। আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর, ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এই তারকা মিডফিল্ডার বললেন, “শীঘ্রই দেখবেন।”
নরওয়ের অসলোয় শনিবার মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে চতুর্থবারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরেন পুতেয়াস ও তার সতীর্থরা। ইভা পায়োর জোড়া গোলের পর শেষ দিকে দুটি গোল করেন সালমা পারাইয়েলো।
ছয় বছরের মধ্যে চারবার এই ট্রফি জিতল বার্সেলোনা। এর আগে কখনও এই সাফল্য পায়নি তারা।
সিনিয়র ফুটবলে এম্পানিওল ও লেভান্তেতে এক বছর করে কাটিয়ে ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেন পুতেয়াস এবং শুরু হয় তার ও ক্লাবটির অবিশ্বাস্য এক যাত্রা।
ক্লাবটিতে প্রথম তিন মৌসুমেই স্পেনে মেয়েদের শীর্ষ লিগের ট্রফি উঁচিয়ে ধরেন পুতেয়াস। এরপর ২০১৯-২০ মৌসুম থেকে এবার দিয়ে টানা সাতবার লিগ চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।
এবার মৌসুমে চার শিরোপার কোয়াড্রপল জিতেছে বার্সেলোনার মেয়েরা, তিন বছরের মধ্যে দ্বিতীয়বার এই দুর্দান্ত সাফল্য পেল তারা। এবং দলের প্রায় সব অর্জনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পুতেয়াস।
তবে বার্সেলোনায় তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে এই গ্রীষ্মে। তাই শনিবারের ফাইনালটিই হতে পারে ক্লাবটির জার্সিতে তার শেষ।
আগামী মৌসুমেও তিনি বার্সেলোনায় থাকবেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ৩২ বছর বয়সী তারকা বলেন, “শীঘ্রই আপনারা জানতে পারবেন।”
বার্সেলোনার সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী এক বছর মেয়াদ বাড়ানো যাবে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএনও লিখেছে, ক্লাব ওই ধারা কাজে লাগাতে চায়। তবে তাকে দলে পেতে আগ্রহী ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কিছু ক্লাব।
ম্যাচের পর ডিজনি প্লাসকে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী পুতেয়াস বলেন, “এখন সময়টা আনন্দ করার। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বিষয়টা সবসময়ই তাই। দিনটা অবিশ্বাস্য কাটল এবং এখন উপভোগ করতে হবে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পুতেয়াস। আছেন আসরের বর্ষসেরা একাদশেও, যেখানে তিনি ছাড়া আছেন বার্সেলোনার আরও চার জন।