Published : 28 Apr 2026, 09:14 PM
মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ। সেই চুক্তির মেয়াদ আর বাড়ছে না। ম্যানচেস্টার সিটিতে জন স্টোন্সের এক দশকের অধ্যায় শেষ হতে যাচ্ছে। ইংলিশ ডিফেন্ডার বলছেন, এই ক্লাবে তার ‘সব স্বপ্ন পূরণ করেছেন’ তিনি।
২০১৬ সালে এভারটন থেকে সিটিতে যোগ দিয়ে ২৯৩ ম্যাচ খেলেছেন স্টোন্স। এই মৌসুমে চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন কেবল ১৬ ম্যাচ।
ইংলিশ ফুটবলে সিটির গত কয়েক বছরের আধিপত্যে অগ্রণী ভূমিকা রেখেছেন স্টোন্স। ইতিহাদ স্টেডিয়ামে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন ১৬টি শিরোপা।
সামাজিক মাধ্যমে মঙ্গলবার মৌসুম শেষে সিটি ছাড়ার ঘোষণা দিয়ে স্টোন্স লেখেন, এখানে যতটা চেয়েছিলেন তার সবটুকুই অর্জন করতে পেরেছেন তিনি।
“আমি এখানে এসেছিলাম তরুণ হিসেবে, আর এখন বিদায় নিচ্ছি পরিণত একজন মানুষ হিসেবে; একজন বাবা, একজন স্বামী এবং মাঠের খেলায়, আমার মনে হয়, একজন পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে। আমার সব স্বপ্ন পূরণ করেছি এবং যা অর্জন করতে এখানে এসেছিলাম, তার সবকিছুই অর্জন করেছি।”
“এখানে আমার ক্যারিয়ারের শুরুতে কখনও ভাবিনি যে, আমি এই অবস্থানে পৌঁছাব… আমার প্রতিটি স্বপ্ন যেন সত্যি হয়ে গেছে।”
পেপ গুয়ার্দিওলা দায়িত্ব নেওয়ার পর সিটির দলে নেওয়া দ্বিতীয় খেলোয়াড় ছিলেন স্টোন্স। ৩১ বছর বয়সী ডিফেন্ডার কৃতজ্ঞতা প্রকাশ করলেন কোচের প্রতি।
“আমার মনে হয় না তাকে ছাড়া এতটা সাফল্য পেতাম। আমি খুবই কৃতজ্ঞ যে, তার সঙ্গে এত দীর্ঘ সময় কাটাতে পেরেছি এবং সবকিছু জিততে পেরেছি। তিনি আমার জন্য যা করেছেন, সেজন্য নিজেকে ভাগ্যবান এবং কৃতজ্ঞ মনে করি।”
সিটির রক্ষণ সামলানোর পাশাপাশি ১৯টি গোলও করেছেন স্টোন্স। যার মধ্যে আছে ২০২৪ সালে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে সমতা ফেরানো গোল। ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলের বিপক্ষে গোললাইন থেকে তার বল ক্লিয়ার করার ঘটনাটি তো এখানে স্মরণীয় হয়ে থাকবে, যা সিটিকে ৯৮ পয়েন্ট পেতে এবং এক পয়েন্টের ব্যবধানে লিগ জিততে সাহায্য করেছিল।
এই মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের লড়াইয়ে টিকে আছে সিটি। ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে গুয়ার্দিওলার দল। আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে ৩ পয়েন্টে, তবে হাতে একটি ম্যাচ বেশি আছে তাদের।