Published : 09 Aug 2026, 10:58 PM
একই ধরনের দুটি পাস থেকে একই রকম দুটি গোল। তিন মিনিটের ব্যবধানে অ্যাসিস্ট দুটি করলেন অ্যান্তোয়ান সেমেনিও আর দুবারই বল জালে পাঠালেন ওমার মার্মুশ। পিছিয়ে পড়েও আতলেতিকো মাদ্রিদকে হারাল ম্যানচেস্টার সিটি।
দক্ষিণ কোরিয়ার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে ৫০ হাজারের বেশি দর্শকের সামনে রোববার প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জেতে ইংলিশ ক্লাবটি।
ম্যাচের ৪৩তম মিনিটে ১৬ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার হোর্হে দমিনগেসের গোলে এগিয়ে যায় আতলেতিকো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
৫৭ থেকে ৫৯, এই তিন মিনিটের মধ্যে দুই গোল করে সিটি।
ঘানার উইঙ্গার সেমেনিও দারুণভাবে স্লাইড করে বল নিয়ন্ত্রণ নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে নিচু ক্রস দেন, আর ছুটে গিয়ে ছয় গজ বক্সে পা ছুঁয়ে বল জালে পাঠান মিশরের ফরোয়ার্ড মার্মুশ।
পরের গোলটি যেন প্রথমটির পুনরাবৃত্তি। সতীর্থের পাস বক্সের ভেতর বাঁ দিকে পেয়ে সেমেনিও পাস দেন গোল মুখে, ছয় গজ বক্সে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন মার্মুশ।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে সিটির তৃতীয় গোলটি করেন রায়ান এইত-নুরি।
প্রাক-মৌসুমে এশিয়া সফরে সিটির তৃতীয় ও শেষ ম্যাচ ছিল এটি। আগামী রোববার কার্ডিফে কমিউনিটি শিল্ডে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে তারা।