১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেভিয়াকে শঙ্কায় রেখে চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ

অবনমন অঞ্চল থেকে মাত্র তিন পয়েন্ট দূরে লা লিগার ক্লাবটি।

সেভিয়াকে শঙ্কায় রেখে চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ
মাতিয়াস আলমেইদা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 10:18 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

টানা ব্যর্থতার জেরে সেভিয়ার কোচের পদে এক মৌসুমও টিকলেন না মাতিয়াস আলমেইদা। সবশেষ ভালেন্সিয়ার বিপক্ষে হারের একদিন পরই চাকরি হারালেন তিনি।

লা লিগার ক্লাবটি সোমবার এক বিবৃতিতে এই আর্জেন্টাইন কোচের সঙ্গে চুক্তি শেষ করার ঘোষণা দেয়। একের পর এক হার ও ড্রয়ে অবনমনের শঙ্কা জেঁকে বসেছে সেভিয়া শিবিরে।

গত জুনে সেভিয়ার দায়িত্ব নেওয়া আলমেইদার কোচিংয়ে টানা দুই হারে লিগ অভিযান শুরু করে সেভিয়া। পরের ছয় রাউন্ডের চারটিতেই অবশ্য জয় পায় তারা, এর মধ্যে ছিল শিরোপাধারী বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলের জয়ও।

তবে এরপর, ব্যর্থতার বৃত্তে আটকা পড়ে যায় সেভিয়া। লিগে সবশেষ দুই ম্যাচে হারের পর ধৈর্য্যের বাঁধ ভেঙে গেল ক্লাব কর্তৃপক্ষের।

এবারের লিগে ২৯ ম্যাচের ১৪টিতেই হেরেছে সেভিয়া। ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫ নম্বরে, অবনমন অঞ্চল থেকে মাত্র তিন পয়েন্ট দূরে।

সেভিয়ার কোচ হিসেবে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে আপত্তিকর আচরণ করে বড় ধরনের শাস্তিও পেয়েছেন আলমেইদা, কাটিয়েছেন সাত ম্যাচের নিষেধাজ্ঞা।