০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবার চোটের ছোবলে মাঠের বাইরে আলভারেস

সব টানাপোড়েন শেষে আবার যখন সমর্থকদের মন জয় করার পালা, তখন নতুন সমস্যায় পড়লেন এই আর্জেন্টাইন।

এবার চোটের ছোবলে মাঠের বাইরে আলভারেস
হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 04:33 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না হুলিয়ান আলভারেসের। দল বদলের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর, তার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন ফের আতলেতিকো মাদ্রিদে নিজের জায়গা শক্ত করার, সমর্থকদের মন জয় করার- এমন সময়ে চোটে পড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পেশির চোটে ভুগছেন আলভারেস। এজন্য রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের দলে নেই তিনি। ক্লাবের বিবৃতিতে তার চোটের বিষয়টি জানানো হয়েছে।

“পেশির সমস্যায় সান সেবাস্তিয়ানে সফর করতে পারবেন না হুলিয়ান, যে কারণে গতকালকের অনুশীলনও করতে পারেননি তিনি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর, চিকিৎসকরা তাকে আজকের ম্যাচ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত দিয়েছে।”

সোসিয়েদাদের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ১টায় (এএম)। 

গত জুন-জুলাইয়ে বিশ্বকাপ চলার মাঝে আতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানান আলভারেস। তার মূল লক্ষ্য ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার, ক্লাবটিও তাকে পেতে উঠেপড়ে লেগেছিল। কিন্তু মাদ্রিদের ক্লাবটি শেষ পর্যন্ত তাকে কিছুতেই বার্সেলোনার কাছে বিক্রি করতে রাজি হয়নি।

এসব টানাপোড়েনের মাঝে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে ঘরের মাঠেই ক্লাবের সমর্থকদের থেকে তীব্র দুয়ো শোনেন আলভারেস। পরে টানা তিন দিন দলের অনুশীলনে যাননি তিনি। ফলে খেলেননি লিগের তৃতীয় রাউন্ডে সেভিয়ার বিপক্ষে। 

আপাতত আতলেতিকোতেই থাকতে হচ্ছে, নিশ্চিত হয়ে যাওয়ার পর গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৩১ মিনিট খেলেন আলভারেস। সবকিছু স্বাভাবিক করে তোলাই এখন একমাত্র লক্ষ্য; কিন্তু এই সময়ে চোটে পড়লেন বিশ্বকাপজয়ী স্ট্রাইকার।

চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।