Published : 31 Jul 2026, 07:16 PM
ম্যানচেস্টার সিটির জার্সিতে এক দশকের পথচলা শেষে, ইন্টার মিলানে যোগ দিয়েছেন জন স্টোন্স।
গত জুনে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় স্টোন্সের। ফলে ফ্রি এজেন্ট ছিলেন এই ইংলিশ ডিফেন্ডার। সেরি আ চ্যাম্পিয়নদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি।
গণমাধ্যমের খবর, ইতালিয়ান ক্লাবটিতে প্রতি মৌসুমে ৪০ লাখ ইউরো পাবেন স্টোন্স।
সিটির হয়ে ১০ বছরে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা জিতেছেন স্টোন্স।
সিটি অধ্যায় শেষ করে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ অভিযানে যান ৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় তৃতীয় হওয়া ইংল্যান্ডের আট ম্যাচের পাঁচটিতে খেলেন তিনি।
ক্যারিয়ারে এই প্রথম দেশের বাইরের কোনো ক্লাবে খেলবেন স্টোন্স।