Published : 04 Apr 2026, 12:55 PM
চোটের কারণে এক মাসের বেশি সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। তবে ধার কমে যায়নি। ফেরার ম্যাচেই দুই গোল উপহার দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। হাজার গোলের মাইলফলকের পথে এগিয়ে গেলেন তিনি আরও একটু।
রোনালদোর সঙ্গে সাদিও মানের জোড়া গোলে সৌদি প্রো লিগে শুক্রবার আল নাজমাকে ৫-২ গোলে হারায় আল নাস্র।
এই নিয়ে টানা ১৩ ম্যাচে জয়ের স্বাদ পেল দলটি।
ঘরের মাঠে ৪৪তম মিনিটে পিছিয়ে পড়ে আল নাস্র। তবে প্রথমার্ধের যোগ করা সময়েই তারা এগিয়ে যায় আব্দুল্লাহ আল-হামদান ও সাদিও মানের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে আল নাজমা।
৫৬তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। ব্যবধান বাড়ান তিনি ৭৩তম মিনিটে।
৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরেকটি গোল করেন মানে।
এই ম্যাচের দুই গোলে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৬৭টি।
গত ২৮ ফেব্রুয়ারি আল নাস্রের ম্যাচে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। চোটের কারণে ক্লাবের ম্যাচ তো বটেই, পর্তুগালের হয়েও খেলতে পারেননি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে।
ম্যাচের পর সামাজিক মাধ্যমে ছোট প্রতিক্রিয়া জানান ৪১ বছর বয়সী তারকা, “ফিরতে পেরে ভালো লাগছে। একসঙ্গে সামনে এগিয়ে যাব আমরা।”
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল নাস্র অবস্থান আরেকটু সংহত করল এই জয়ে। ২৭ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৬৪। তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।
লিগ জিততে পারলে আল নাস্রের হয়ে প্রথম বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পাবেন রোনালদো।