১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ম্যাচ জয়ী পারফরম্যান্সের পর লিভারপুলেই থাকবেন চিয়েসা, আশায় স্লট

অ্যানফিল্ডে দ্বিতীয় মৌসুমে এসে প্রিমিয়ার লিগে প্রথম গোলের দেখা পেয়েছেন ইতালিয়ান ফরোয়ার্ড।

ম্যাচ জয়ী পারফরম্যান্সের পর লিভারপুলেই থাকবেন চিয়েসা, আশায় স্লট
ম্যাচের পর নায়ক ফেদেরিকো চিয়েসাকে (ডানে) জড়িয়ে ধরেন আর্না স্লট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 03:52 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

অনেক প্রত্যাশা নিয়ে লিভারপুলে যোগ দিলেও, অ্যানফিল্ডে অভিষেক মৌসুমটা একেবারেই ভালো কাটেনি ফেদেরিকো চিয়েসার। এতে বেশ কিছুদিন ধরে তার ঠিকানা বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর ম্যাচে অল্প সময়ে যে দারুণ পারফরম্যান্স উপহার দিলেন তিনি, তাতে এই ইতালিয়ান ফরোয়ার্ড লিভারপুলে থেকে যাওয়ার প্রেরণা পাবেন বলে বিশ্বাস দলটির কোচ আর্না স্লটের।

গত বছরের গ্রীষ্মে ইউভেন্তুস থেকে এক কোটি ২০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন চিয়েসা। কিন্তু ইংলিশ ফুটবলে ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি তিনি। ফিটনেস সমস্যা ও সাদামাটা পারফরম্যান্সের জন্য গত প্রিমিয়ার লিগে কেবল একটি ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান এই উইঙ্গার।

সেই হতাশা এবার শুরুতেই ঘুচিয়ে দেওয়ার আভাস দিয়েছেন চিয়েসা।  

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গত সপ্তাহে কমিউনিটি শিল্ড ট্রফি হারানোর পর, প্রিমিয়ার লিগের শুরুতেও হোঁচট খেতে বসেছিল লিভারপুল। ঘরের মাঠে শুক্রবার রাতে অভিষিক্ত উগো একিতিকের প্রথমার্ধের গোলের পর দ্বিতীয়ার্ধে কোডি হাকপোর লক্ষ্যভেদে ৪৯ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে অ্যান্টোনি সেমেনিওর জোড়া গোলে নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে সমতা টানে বোর্নমাউথ।

এর খানিক পর ফ্লোহিয়ান ভিয়েৎসের বদলি হিসেবে চিয়েসাকে নামান লিভারপুল কোচ এবং মাঠে নামার ছয় মিনিটের মাথায় ৮৮তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন চিয়েসা। আর যোগ করা সময়ে ৪-২ গোলে জয় নিশ্চিত করেন মোহামেদ সালাহ।

ম্যাচের পর চিয়েসার ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে স্লট বলেন, দলের জয়ে অবদান রাখার পর নিশ্চয়ই নতুন করে অনুপ্রেরণা পারেন ২৭ বছর বয়সী ফুটবলার।

“সে যতদিন পর্যন্ত এখানে আছে, ততদিন সে অবশ্যই লিভারপুলের এবং পরিস্থিতি বদলাতে পারে, এমন কোনো কারণ আমার জানা নেই। গত মৌসুমে ফিটনেস পেতে তাকে ভুগতে হয়েছিল।”

“দুর্ভাগ্যবশত, এবারের এশিয়া সফরেও সে যেতে পারেনি। অনেক কিছুই সে মিস করেছে। তবে, (বোর্নমাউথের বিপক্ষে) ২-২ স্কোরলাইনের সময় আমরা তাকে মাঠে নামালাম এবং সে অবদান রাখল, এটা সবসময়ই ক্লাবে একজন খেলোয়াড়ের ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক।”

লিভারপুলে দ্বিতীয় মৌসুমে এসে প্রিমিয়ার লিগে প্রথম গোলের দেখা পেলেন চিয়েসা। দলটির হয়ে তার তিনটি গোলই এলো ম্যাচের ৮৮তম মিনিট কিংবা এরপর।

প্রিমিয়ার লিগে পরের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল, আগামী ২৫ অগাস্ট।