Published : 23 Jul 2026, 03:53 PM
চেলসির উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে ধারে দলে নিতে সমঝোতায় পৌঁছেছে অ্যাস্টন ভিলা। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা ভিলায় খেলবেন এই আর্জেন্টাইন ফুটবলার।
চুক্তি অনুযায়ী, ধারের মেয়াদ শেষে নির্দিষ্ট শর্ত পূরণ করে গার্নাচোকে কিনে নেওয়ার সুযোগও থাকবে ভিলার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী এই ফুটবলারের ইতোমধ্যে বার্মিংহামে মেডিকেল সম্পন্ন হয়েছে। চেলসি থেকে তাকে কিনে নিতে যদি ভিলা রাজি হয়, সেক্ষেত্রে দলটির সঙ্গে চার বছরের চুক্তি করতেও সম্মত হয়েছেন তিনি।
কোনো ক্লাবের পক্ষ থেকেই অবশ্য ভিলার গার্নাচোকে কিনে নেওয়ার পূর্ব শর্ত নিয়ে কিছু বলা হয়নি। তবে, আগামী মৌসুমে একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচে মাঠে নামার মতো কিছু শর্ত পূরণ হলে, এই খেলোয়াড়কে কেনার ধারাটি সক্রিয় হবে।
চেলসির বিশ্বাস, গার্নাচোকে ভিলার কেনার পূর্ব শর্ত সহজেই পূরণ হবে এবং সেক্ষেত্রে তারা চার কোটি ৩০ লাখ পাউন্ড পাবে।
গত মঙ্গলবার অ্যাস্টন ভিলা থেকেই ইংলিশ উইঙ্গার মর্গান রজার্সকে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউণ্ডে দলে টানে চেলসি। এর পরদিনই, স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি থেকে গার্নাচোর ভিলায় যোগ দেওয়ার খবর এলো।