Published : 10 Feb 2026, 07:58 PM
দলবদলের বাজারে গুজব-গুঞ্জনের শেষ নেই। এবার শোনা যাচ্ছে, লিভারপুলের আলেক্সিস মাক আলিস্তেরকে দলে ভেড়াতে আগ্রহী লা লিগার দল রেয়াল মাদ্রিদ।
২০২৩ সালের জুনে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দেন মাক আলিস্তের। দলটির মিডফিল্ডে এরই মধ্যে জায়গা পোক্ত করে ফেলেছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
স্প্যানিশ দৈনিক এএস স্পোর্ত জানিয়েছে, মাঝমাঠের শক্তি বাড়াতে চাইছে রেয়াল। তাদের রাডারে থাকা মিডফিল্ডারদের মধ্যে আছেন মাক আলিস্তেরও। তবে লা লিগার সফলতম দলটির আগ্রহের ব্যাপারে তার বাবা জানিয়েছেন, আপাতত তার ছেলের মনোযাগ লিভারপুল ঘিরে।
“আমাকে সতর্ক থাকতে হবে। এখন সে লিভারপুলে খেলছে। ভবিষ্যতে যদি সুযোগ আসে এবং সেটা যদি তার জন্য ভালো হয়, তাহলে নিজের ব্যাপারে আলিস্তেরেরই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে।”
“আমি শুধু বলতে পারি, আলেক্সিসের মনোযোগ এখন লিভারপুল ও চলতি মৌসুম নিয়ে। লিভারপুলে আলেক্সিস ভালো ও সাচ্ছ্বন্দ্যে আছে।”
লিগ টেবিলে অবশ্য সাচ্ছ্বন্দ্যে নেই লিভারপুল। ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্না স্লটের দল।