১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হতে চান শাভি

স্পেনে, বিশেষ করে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদে কোচদের জন্য চাপ অনেক বেশি মনে মনে করেন শাভি।

ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হতে চান শাভি
শাভি এর্নান্দেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 04:25 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়ার পর এক বছর ধরে কোচিংয়ের বাইরে শাভি এর্নান্দেস। আবার ডাগআউটে ফিরতে আগ্রহী তিনি। ভবিষ্যতে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের দায়িত্ব নেওয়ার ইচ্ছা আছে স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডারের।

২০২১ সালে রোনাল্ড কুমানের বিদায়ের পর কঠিন সময়ে বার্সেলোনার দায়িত্ব নেন শাভি। ২০২২-২৩ মৌসুমে তার হাত ধরে লা লিগা জেতে কাতালান দলটি। ২০২৩-২৪ মৌসুমে অবশ্য বার্সেলোনার সময় ভালো যায়নি।

ওই মৌসুম শেষে নিজেই বার্সেলোনার দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন শাভি। সিদ্ধান্ত বদল হবে না-এমন কথাও জোর দিয়ে বলেছিলেন দলটির সাবেক মিডফিল্ডার। অনেক চেষ্টার পর তার মন বদলাতে সক্ষম হয় বার্সেলোনা। ক্লাবের অনুরোধেই তিনি চুক্তির শেষ মৌসুমটি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মাস খানেক পর আচমকাই তাকে ছাঁটাই করে দেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। 

সম্প্রতি ‘দা অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী শাভি বলেন, স্পেনে, বিশেষ করে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদে কোচদের ওপর চাপ অনেক বেশি থাকে। পরবর্তীতে ইংল্যান্ডে কাজ করতে চান তিনি।

“আমার কোনো তাড়াহুড়ো নেই, তবে আমি ভালো একটি প্রকল্প চাই। যেমন, ‘আপনার কাজ করার ও একটি পরিকল্পনা তৈরি করার জন্য চার বছর সময় হাতে আছে।’ আমি প্রিমিয়ার লিগে কাজ করতে চাই, কারণ সেখানকার (ফুটবলের প্রতি) উন্মাদনা আমার ভালো লাগে। স্পেনে, সবকিছুই ফলাফল কেন্দ্রিক।”

“দেখুন, (রেয়াল মাদ্রিদ কোচ কার্লো) আনচেলত্তির ক্ষেত্রে কী হয়েছে, লোকে তার সমালোচনা করছে। এটা অন্যায়। তিনি ১০ বছরে ৩০টি ট্রফি জিতেছেন এবং তাকে এমনভাবে সমালোচনা করা হচ্ছে যেন তিনি কিছুই জেতেননি। (বার্সেলোনার সাবেক কোচ এর্নেস্তো) ভালভের্দে ঠিকই বলেছিলেন যে: ‘আনচেলত্তির সমালোচনা হলে আমাদের বাকিদের জন্য কী আশা করা যায়?” স্পেনে চাপটা বেশি, বিশেষ করে বার্সা ও মাদ্রিদে।”

ভবিষ্যতে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি স্পেনের ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ী সাবেক ফুটবলার।

“অথবা জাতীয় দল, আকর্ষণীয় হবে। যখন আমি কোচ হওয়ার স্বপ্ন দেখেছিলাম, তখন বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোচিংয়ের স্বপ্ন দেখেছিলাম। (স্পেন?) ভবিষ্যতে কেন নয়? অথবা অন্য কোনো দলে। আমি উদ্বিগ্ন নই।”