১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলকে নতুন কৌশলে খেলাতে চান কোচ

ব্রাজিলের কেমন ফুটবল খেলা উচিত, সেটার একটা ধারণা দিলেন কার্লো আনচেলত্তি।

ব্রাজিলকে নতুন কৌশলে খেলাতে চান কোচ
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 11:01 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ব্রাজিলের দায়িত্বে প্রথম বছর ভালো না কাটলেও, ভবিষ্যতের জন্য একটা পথ খুঁজে পেয়েছেন কার্লো আনচেলত্তি। সাফল্য পেতে খেলোয়াড়দের মান ও বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই খেলার ধরন গড়ে তুলতে চান এই ইতালিয়ান কোচ।

গত বছরের মে মাসে আনচেলত্তিকে প্রধান কোচের দায়িত্ব দেয় ব্রাজিল। তাই বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার খুব বেশি সময় পাননি তিনি। বিশ্ব আসরে তার দলও পারেনি প্রত্যাশার ধারেকাছে যেতে; শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয় তারা।

লম্বা সময় পর বিশ্বকাপে ফেরা নরওয়ের বিপক্ষে সেদিন একদমই ভালো খেলেনি ব্রাজিল। সব বিভাগেই পিছিয়ে ছিল তারা। বিশেষ করে, বল দখলে রাখতেও ভুগতে দেখা যায় তাদের। স্রেফ ৩৪ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখতে পারে দলটি।

এসব নিয়ে কম সমালোচনার শিকার হতে হয়নি ব্রাজিলকে। আনচেলত্তির কৌশলের দিকেও তোলা হয় আঙুল। তাকে ছাঁটাই করে দেওয়ার কথাও বলেন দলটির সাবেকদের অনেকে। তবে তার ওপরই আস্থা রেখেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন, সিবিএফ।

বিশ্বকাপের পর সম্প্রতি রিও দে জেনেইরোতে ফিরেছেন আনচেলত্তি। সেখানে গ্লোবোস্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন ব্রাজিল দল নিয়ে তার সামনের পরিকল্পনা।

“আমার মনে হয়, এমন কিছু ম্যাচ হয় যেখানে বল কম দখলে থাকা নির্ণায়ক হিসেবে কাজ করে না, কারণ এটা নির্ভর করে ফুটবলারদের বৈশিষ্ট্যের ওপর। যখন কোনো দলে ভিনিসিউস জুনিয়র, এন্দ্রিক ও এস্তেভোঁর মতো খেলোয়াড় থাকে…তখন অনেক দলের চেয়ে আরও সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলতে হয়। স্পেনের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তাদের আক্রমণভাবে ওই মানের খেলোয়াড় নেই। তাদের একজন আছে, লামিন (ইয়ামাল), যে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে দারুণ।”

“আমার মনে হয়, খেলোয়াড়দের বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই খেলার ধরন হওয়া উচিত। সত্যি বলতে, নরওয়ের বিপক্ষে বলের দখল কম থাকার কারণে সমালোচনা হতে পারে। কিন্তু এই দলের গঠন ও খেলোয়াড়দের বৈশিষ্ট্য বল দখলে রেখে খেলার জন্য উপযুক্ত নয়… ভবিষ্যতে যদি নতুন খেলোয়াড়রা আসে, শীর্ষমানের মিডফিল্ডার উঠে আসে, তাহলে অবশ্যই আরও বেশি বল দখলে রেখে খেলা সম্ভব হবে।”

আগামী বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তি রয়েছে আনচেলত্তির। তবে আপাতত দুই বছর পরের কোপা আমেরিকা জিততে চান এই কোচ।

“এটা ভিন্ন এক প্রক্রিয়া হবে, কারণ আমাদের হাতে চার বছর সময় আছে। প্রথম বছরেই অনেক কিছু করতে হয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুনের মধ্যে আটজন খেলোয়াড় চোটে পড়েছিল, যা দলের কাঠামো কিছুটা বদলে দিয়েছিল। তাই চাপ সবসময়ই থাকবে। তবে আমার মনে হয়, সময়ের সঙ্গে সেই চাপ কমে আসে। 

“আমাদের প্রথম লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ নয়, প্রথম লক্ষ্য হবে ২০২৮ সালের কোপা আমেরিকা। আমরা এই টুর্নামেন্ট জয়ের চেষ্টা করব।”