Published : 10 Aug 2026, 04:33 PM
ভিনিসিউস জুনিয়রকে দলে আনার চেষ্টা সফল হয়নি। ব্রুনো গিমারাইসকে পাওয়ায় মাঝমাঠের শক্তি অবশ্য বেড়েছে। তবে, লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে, স্কোয়াড আরও সমৃদ্ধ করতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউসকে কিনতে আর্সেনাল জোর চেষ্টা চালাচ্ছিল- কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যমে এমন খবর চাউর হচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড; ক্লাবটির সঙ্গে ছয় বছরের নতুন চুক্তিতে সম্মত হয়েছেন তিনি।
ফলে আক্রমণভাগে নতুন রসদ যোগ করতে বিকল্পে চোখ রাখছে আর্সেনাল। এর মাঝে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারাইসকে চুক্তিভুক্ত করতে পেরে খুব খুশি আর্তেতা। লক্ষ্য এবার দলের অন্যান্য পজিশনে শক্তি বাড়ানো।
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রোববার ৩-২ গোলে হেরে যাওয়া প্রস্তুতি ম্যাচের পর, ‘সমর্থকদের স্কোয়াডে নতুন খেলোয়াড় দেখতে চাওয়ার প্রসঙ্গে’ আর্তেতা বলেন, “আমরা সেই চেষ্টাই করছি।
তবে, আমাদের (স্কোয়াড) শক্তিশালী করার জন্য সঠিক খেলোয়াড় তো দলবদলের বাজারে থাকতে হবে। আমরা সেদিকে খুব ভালোভাবে নজর রাখছি।”
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের লেফট উইংয়ে মানের ঘাটতি আছে। ভিনিসিউসকে পেলে সেটা অনেকটাই পূরণ হতো। আবার পিঠের চোটের কারণে ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা বাইরে থাকায়, এই পজিশনেও হয়তো বিকল্প খেলোয়াড় খুঁজতে হবে আর্সেনালকে।
প্রাক-মৌসুমে প্রস্তুতি পর্ব চললেও, পরপর দুটি প্রীতি ম্যাচে তিন গোল হজম করাও আর্তেতার জন্য বেশ দুর্ভাবনার। গত বৃহস্পতিবার রেয়াল বেতিসের বিপক্ষে ৩-১ গোলে হারের পর, রোববার ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ার পর ৩-২ ব্যবধানে হারে আর্সেনাল।