১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে আলো ছড়িয়ে অ্যাস্টন ভিলায় মানজাম্বি

প্রথমবার ইংলিশ ফুটবলে খেলবেন দারুণ প্রতিভাবান এই সুইস অ্যাটাকিং মিডফিল্ডার।

বিশ্বকাপে আলো ছড়িয়ে অ্যাস্টন ভিলায় মানজাম্বি
অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির সঙ্গে জোয়ান মানজাম্বি (বাঁয়ে)। ছবি: অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 11:30 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর, ক্লাব ক্যারিয়ারে ঠিকানা বদলে ফেললেন জোয়ান মানজাম্বি। জার্মান ক্লাব ফ্রেইবুর্ক থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন দারুণ প্রতিভাবান এই সুইস অ্যাটাকিং মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগের ক্লাবটি শনিবার এক বিবৃতিতে জানায় এই খবর। চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে কিছু বলা হয়নি।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন মানজাম্বি। তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন ২০ বছর বয়সী এই ফুটবলার। ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার-ফাইনালে ওঠে সুইসরা।

শেষ আটে আর্জেন্টিনার বিপক্ষে একপর্যায়ে একজন কম নিয়েও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় মুরাত ইয়াকিনের দল। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারেননি মানজাম্বি।

২০২৩ সালে তিনি ফ্রেইবুর্কের একাডেমিতে যোগ দেন এবং এক বছর পর মূল দলে সুযোগ পান। বুন্ডেসলিগার ক্লাবটির হয়ে মোট ৫৮ ম্যাচ খেলে ৯টি গোল করেছেন তিনি।

গত মৌসুমে ইউরোপা লিগ দিয়ে প্রথমবার কোনো বড় ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে ওঠে ফ্রেইবুর্ক। আর এতে বড় অবদান ছিল মানজাম্বির। শিরোপা লড়াইয়ে ভিলার বিপক্ষে হেরে রানার্সআপ হয় তারা।

এবার সেই ভিলাতেই নাম লেখালেন মানজাম্বি। এই ক্লাবেও তিনি পরবেন ৪৪ নম্বর জার্সি।

আগামী ২৩ অগাস্ট ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে উনাই এমেরির দল।