Published : 24 Feb 2026, 01:15 PM
আরেকবার বদলি নেমে আরেকটি গোল এবং আরও একবার দলের ত্রাতা। বেনইয়ামিন শেশকো এখন সত্যিকারের ‘সুপার সাব’ খেতাব পেতেই পারেন। বদলি নেমে গোল করাকে নিয়মিত চিত্র করে তুলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার। দলকে জেতানো গোলের পর এই ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোচ মাইকেল ক্যারিক।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার বদলি নামার ১৩ মিনিট পর গোলটি করেন শেশকো। স্লোভেনিয়ান স্ট্রাইকারের ৭১তম মিনিটের গোলে এভারটনের মাঠ থেকে জয় নিয়ে ফেরেন ম্যানচেস্টার ইউনাইটেড।
এই জয়ের পর ক্যারিকের কোচিংয়ে চমকপ্রদ পথচলায় ইউনাইটেড উঠে এসেছে পয়েন্ট তালিকার চারে।
হুবেন অ্যামুরি বরখাস্ত হওয়ার পর গত ১৩ জানুয়ারি দায়িত্ব নেন ক্যারিক। ক্লাবের সাবেক এই তারকার কোচিংয়ে এখন টানা ছয় ম্যাচ অপরাজিত রেড ডেভিলরা।
এই পথচলায় বড় অবদান শেশকোর। সবশেষ চার ম্যাচের মধ্যে তিনবার বদলি নেমে গোল করে দলের পয়েন্ট নিশ্চিত করলেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
এভারটনের বিপক্ষে গোলটি ছিল চোখধাঁধানো এক পাল্টা আক্রমণের ফসল। নিজেদের পোস্টের একটু বাইরে বা প্রান্ত থেকে আচমকা দূরপাল্লার ক্রস করেন তিনি ডান প্রান্তে। মাঝমাঠ থেকে ছুটে গিয়ে এভারটনের বক্সের বাইরে বল ধরেন ব্রায়ান এমবুমো। বাঁ পায়ে আলতো করে বল বাড়িয়ে দেন তিনি গুলির বেগে ছুটে আসা শেশকোর দিকে। চলন্ত বলে গোলকিপারকে কোনো সুযোগ না দিয়ে লিগে নিজের সপ্তম গোল করেন গত অগাস্টে দলে আসা ফরোয়ার্ড।
ম্যাচের পর এই গোলের উৎস আর ফিনিশিংয়ে মুগ্ধতার কথা বললেন কোচ ক্যারিক।
“দুর্দান্ত ফিনিশিং ছিল এটি। নিখুঁত ফিনিশ। আমার খুবই ভালো লেগেছে যেভাবে সে সত্যিকারের আত্মবিশ্বাসে বল জালে পাঠিয়েছে। কুইয়া অসাধারণভাবে বলটি দিয়েছে এমবুমোকে এবং সে দারুণভাবে বল বানিয়ে দিয়েছে। পাল্টা আক্রমণে আমরা বিপজ্জনক দল।”
শেশকো বললেন, নিজের সামর্থ্যে তার আস্থার কমতি নেই।
“নিজের ওপর আমার বিশ্বাস প্রবল এবং সতীর্থরাও ভরসা রাখে আমার ওপর। তারা জানেন, আমি মাঠে নামলে তারা কী আশা করতে পারেন। এরপর তা পূরণ করার দায়িত্ব আমার। ভালো লাগছে সেটি করতে পেরে।”
২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে এখন চারে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে চেলসি ও লিভারপুলের পয়েন্ট ৪৫, অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫১, ম্যানচেস্টার সিটির ৫৬, এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের ৬১।