৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চোট নিয়ে বার্সেলোনায় ফিরছেন হাফিনিয়া

ব্রাজিল দলের সঙ্গে ভারতে যাচ্ছেন না এই তারকা ফরোয়ার্ড।

চোট নিয়ে বার্সেলোনায় ফিরছেন হাফিনিয়া

আপাতত গুরুতর চোটের শঙ্কা নেই হাফিনিয়ার। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 04:57 PM

Updated : 30 Sep 2026, 04:57 PM

‘জীবনের সেরা ছন্দে’ থাকা হাফিনিয়াকে সর্বোচ্চ সতর্কতার অনুরোধ জানিয়েছে বার্সেলোনা। তার ঊরুর চোট সম্পর্কে বিস্তারিত জানতে, তাকে ক্লাবে ফেরত পাঠানোর কথা বলেছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। সেটাই হচ্ছে, ব্রাজিল দলের সঙ্গে ভারতে না গিয়ে বার্সেলোনায় ফিরছেন হাফিনিয়া।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে হাফিনিয়ার চোট পরিস্থিতি নিয়ে বলেছে, অভিজ্ঞ ফরোয়ার্ডের ডান ঊরুর পেছনের অংশে মাংসপেশির কিছুটা ফোলাভাব ধরা পড়েছে।

এরই মধ‍্যে ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়েছে হাফিনিয়াকে। ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে কাজ শুরু করতে যত দ্রুত সম্ভব বার্সেলোনায় ফিরবেন তিনি। তার জায়গায় ভারতের বিপক্ষে আগামী শনিবারের ম‍্যাচের জন‍্য নতুন কোনো খেলোয়াড়কে ডাকবেন না কোচ কার্লো আনচেলত্তি।

আপাতত গুরুতর চোটের কোনো শঙ্কা নেই হাফিনিয়ার। তবুও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম আট ম‍্যাচে ১৪ গোল করা অধিনায়ককে নিয়ে বার্সেলোনার উদ্বেগ তাতে কাটছে না। ঊরুর ওই জায়গাতেই যে গত মৌসুমে চারবার চোট পেয়ে সব মিলিয়ে ১৫০ দিনের বেশি মাঠের বাইরে ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম‍্যাচের পুরোটা সময় মাঠে ছিলেন হাফিনিয়া। তার কর্নার থেকেই হায়ানের গোলে হার এড়ায় ব্রাজিল। পরের ম‍্যাচে বিরতির আগে পা পিছলে পড়ে গিয়ে চোট পান হাফিনিয়া, এর আগে সফল স্পট কিকে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির পর আর মাঠে নামেননি হাফিনিয়া। ব্রাজিল শেষ পর্যন্ত ম‍্যাচটি জিতে ৪-২ ব‍্যবধানে।