২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

'লা লিগায় শিরোপা ভাগ্য আমাদের হাতে'

অনেকটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কঠিন চ্যালেঞ্জ জানাবে বলে মনে করেন জর্দি আলবার।

স্পোর্টস ডেস্ক

Published : 10 Feb 2023, 04:54 PM

Updated : 10 Feb 2023, 04:54 PM

লা লিগায় বেশ বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে ৮ পয়েন্টে। মৌসুমের বাকি সময়ে পথ না হারালে শিরোপা জিতবে তারাই। আত্মবিশ্বাসী কণ্ঠে জর্দি আলবাও তাই বললেন, লিগ শিরোপা জয়ের প্রশ্নে সবকিছু এখন তাদেরই হাতে।

চলতি মৌসুমে শুরু থেকেই লিগে ভালো খেলছে বার্সেলোনা। কাতার বিশ্বকাপের আগে তাদের সঙ্গে জমজমাট লড়াই করলেও বিশ্বকাপ বিরতির পর নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল। তাতে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান মজবুত হয়েছে শাভি এরনান্দেসের দলের।

২০ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৪৫ নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল।

দুই দলের সাম্প্রতিক যে ফর্ম, তাতে বার্সেলোনার লিগ জয়ে বাজি ধরার লোকের সংখ্যাই বেশি। খুব বড় বিপর্যয় না হলে এখান থেকে তাদের শিরোপা না জেতার কোনো কারণ নেই।

মার্কাকে গত বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে আলবার কন্ঠেও সেই সুর। তবে এটাও মনে করিয়ে দিলেন, শেষ পর্যন্ত তাদের পরীক্ষা নেবে রিয়াল।

“অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি যে, লিগে এখনও অনেক কিছু বাকি আছে। (রিয়াল) মাদ্রিদ শেষ পর্যন্ত লড়াই করবে এবং সবকিছু খুব কঠিন হবে। এই মুহূর্তে পয়েন্টের ব্যবধান বেশ বড়, কিন্তু আমরা নির্ভার হতে পারি না। তবে হ্যাঁ, (লা লিগার) শিরোপা জয়ের বিষয়টা আমাদের হাতেই আছে।”

বার্সেলোনার পরবর্তী ম্যাচ লা লিগায়, আগামী রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে।