ইউনাইটেডে অভিষেক রাঙিয়ে আন্তোনি বললেন ‘কেবল শুরু’
ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কন্ঠে।
নতুন ক্লাবের হয়ে মাঠে নেমেই গোল পেলেন আন্তোনি। মিলল দারুণ জয়ের স্বাদও। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে শুরুটা এমন উজ্জ্বল হওয়ায় উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রতিশ্রুতি দিলেন ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের।
গ্রীষ্মের দলবদলের শেষ বেলায় গত সপ্তাহে আয়াক্স থেকে পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন আন্তোনি। ২২ বছর বয়সী এই ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে ইউনাইটেডের খরচ ৯ কোটি ৫০ লাখ ইউরো। বিভিন্ন ফি বাবদ অঙ্কটা ১০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
ট্রান্সফার ফি বেশি হওয়ায় স্বাভাবিকভাবে তার কাছে দল-সমর্থকদের চাওয়াও থাকবে বেশি। শততম ব্রাজিলিয়ান হিসেবে প্রিমিয়ার লিগে নাম লেখানো আন্তোনি প্রত্যাশার চাপ সামলে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী।
গত রোববার আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচ দিয়ে ইউনাইটেডের হয়ে অভিষেক হয় আন্তোনির। শুরুর একাদশে নেমে ৩৫তম মিনিটে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেন তিনি।
মার্কাস র্যাশফোর্ডের পাস বক্সে পেয়ে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আন্তোনি। সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান (২২ বছর ১৯২ দিন) হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকে জালের দেখা পেলেন তিনি।
ম্যাচের পর টুইটারে সমর্থনের জন্য ক্লাব ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আন্তোনি।
“কী অবিশ্বাস্য একটা দিন! ম্যানচেস্টার ইউনাইটেডের সব স্টাফ ও আমার সতীর্থদের অসংখ্য ধন্যবাদ!! আমি এই দিনটি কখনই ভুলব না!”
“ইউনাইটেড সমর্থকদের বলছি, এমন অভ্যর্থনার জন্য আমার ভালোবাসা রইলো! চলুন আরও কিছুর জন্য এগিয়ে যাই! এটা তো কেবল শুরু!”
