Published : 24 Aug 2026, 01:52 AM
বার্সেলোনার ‘টার্গেট’ হুলিয়ান আলভারেসের ওপর প্রচণ্ড ক্ষোভ উগরে দিয়েছে আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা। ভিয়ারেয়ালের বিপক্ষে ওয়ার্মআপ, বদলি নাম ঘোষণা, দ্বিতীয়ার্ধে মাঠে নামা, এমনকি মাঠ ছাড়ার সময় ক্লাবের সমর্থকদের তীব্র দুয়োধ্বনি শুনতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকে।
ঘরের মাঠে রোববার লা লিগার ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও ২-২ ড্র করে দিয়েগো সিমেওনের দল। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে সমতা টেনে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন এই আর্জেন্টাইন কোচের ছেলে জুলিয়ানো সিমেওনে।
মেত্রোপলিতানোয় শেষ দিকের নাটকীয়তার অনেক আগে থেকেই ম্যাচটিতে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আতলেতিকো সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত হন আলভারেস, যাকে এ দিন খুবই বিদ্ধস্ত দেখাচ্ছিল। ওয়ার্মআপ করার সময় এই তারকাকে দুয়ো দেওয়া হয়। বদলি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণার সময়ও তাকে বিদ্রূপ শুনতে হয়। ৬৬তম মিনিটে মাঠে নামার পর আরও জোরাল হয় দুয়োধ্বনি।
শেষ বাঁশি বাজার পরেও সমর্থকদের বৈরী মনোভাব তাকে তাড়া করে ফেরে। তার সতীর্থরা যখন সমর্থকদের অভিবাদন জানাচ্ছিল, তখন তিনি সোজা ড্রেসিং রুমের দিকে চলে যান, যার ফলে আবারও তীব্র দুয়োধ্বনি শোনা যায়।
ম্যাচের পর কোচ সিমেওনে জানান, আলভারেসকে সমর্থকদের অভিবাদন জানাতে না দেওয়ার সিদ্ধান্তটি ক্লাবই নিয়েছে।
“হুলিয়ান আলভারেসকে তার সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে যেতে না দেওয়ার সিদ্ধান্তটি ক্লাবেরই ছিল।”
গত বিশ্বকাপের সময় আলভারেস যখন জানান, তিনি তার ‘স্বপ্ন পূরণ করতে’ সম্ভাব্য দলবদল নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলেছেন, তখন দর্শকদের একাংশ স্লোগান দিতে থাকে: ‘ওকে চিরতরে চলে যেতে দাও, ওকে চলে যেতে দাও...।”
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে দলে নেওয়ার জন্য সবচেয়ে আগ্রহী ক্লাব বার্সেলোনা।
এবারের লা লিগার প্রথম ম্যাচে মালাগার বিপক্ষে আলভারেসকে স্কোয়াডে রাখেননি আতলেতিকো কোচ। এবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে তেতো অভিজ্ঞতা হলো তার।
২০২৪ সালে সাত কোটি ৫০ লাখ ইউরোয় ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দেন আলভারেস।