১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পানামা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে,’ হুঙ্কার অধিনায়কের

২০১৮ সালের পর, বিশ্বকাপের আঙিনায় ফেরা পানামা এবার অনেক কিছু পাওয়ার আশা নিয়ে এসেছে, বললেন দলটির অধিনায়ক আনিবাল গদয়।

‘পানামা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে,’ হুঙ্কার অধিনায়কের
বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে প্রস্তুত পানামা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 06:01 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

অনুতিভাবেই ‘এল’ গ্রুপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিয়ে মাতামাতি বেশি। সে অর্থে ঘানা কিংবা পানামা নেই আলোচনায়। এই দুই দল এবার মুখোমুখি হওয়ার অপেক্ষায়। ঘানা ম্যাচ সামনে রেখে পানামা অধিনায়ক আনিবাল গদয় হুঙ্কারের সুরে বললেন, স্রেফ দলের সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেননি তারা। 

টরেন্টোয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায়, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রথম খেলার পর, এ নিয়ে দ্বিতীয়বার এই আঙিনায় পা পড়েছে পানামার। অন্যদিকে, গত পাঁচ বিশ্বকাপের চারটিতেই খেলেছে ঘানা; ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল তারা।

রাশিয়ার আসরে তিন ম্যাচের সবগুলো হেরে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজেছিল পানামার। সেন্ট্রাল আমেরিকার এই দেশটি ঘানার বিপক্ষে নামবে বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে। গদয় বললেন, অনেক কিছু পাওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছেন তারা।

“আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। আমরা শুধু প্রতিদ্বন্দ্বিতাই করব না, আমরা ছুটব, কেননা, আমাদের চাওয়া আরও বেশি।

২০২০ সালে দলটির দায়িত্ব নেওয়া ডেনমার্কের টমাস ক্রিস্টিয়ানসেনের কোচিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে পানামা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮১ থেকে উঠে এসেছে ৩৪তম স্থানে। 

ক্রিস্টিয়ানসেনের মনে হচ্ছে, ঘানা তাদের কঠিন লড়াইয়ের মুখোমুখি দাঁড় করাবে। তার দুর্ভাবনা বাড়িয়েছে তারকা মিডফিল্ডার আদালবের্তো কাররাসকুইলার ফিটনেসও। তবে, সব বাধা ক্রিস্টিয়ানসেন পার হতে চান দলীয় প্রচেষ্টায় সওয়ার হয়ে।

“সে বেঞ্চে থাকবে এবং আমরা দেখব, আগামীকাল ম্যাচটা কীভাবে এগোয় (সে অনুযায়ী সিদ্ধান্ত নিব)। বিশ্বকাপের ম্যাচগুলো যখন আমরা দেখছি, ম্যাচগুলো অবিশ্বাস্যভাবে আটসাঁট হচ্ছে এবং কেউ আসলেই বলতে পারবে না, কেউ কারো চেয়ে কম।”

“ম্যাচে এমন মুহূর্ত আসবে, যখন আপনাকে ভুগতে হবে। তখন সেটা সহ্য করতে হবে। বড় একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা, কিন্তু, একটা দল হয়েই এই কষ্টটুকু করতে হবে আমাদের।”