১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাছাই থেকেই বিদায় শুটার রবিউলের

‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে প্যারিস অলিম্পিকসে খেলতে যাওয়া বাংলাদেশের এই শুটার বাছাইয়ে বিবর্ণ পারফরম্যান্সে হয়েছেন ৪৯ প্রতিযোগীর মধ্যে ৪৩তম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 06:41 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

প্যারিস অলিম্পিকসের শুটিংয়ে একটুও আলো ছড়াতে পারলেন না রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকে ছিটকে পড়লেন বাংলাদেশের এই শুটার।

শালেলো শুটিং কমপ্লেক্সে রোববার বাছাইয়ে ৬২৪ দশমিক ২ স্কোর করে ৪৯ প্রতিযোগীর মধ্যে ৪৩তম হন রবিউল। পদকের লড়াইয়ের ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ জন ক্রোয়েশিয়ার গোরসা পেতারের স্কোর ৬২৯ দশমিক ৮।

শুটিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন কমনওয়েলথ গেমসে। ১৯৯০ সালে অকল্যান্ডের আসরে কদিন আগে না ফেরার দেশে পাড়ি জমানো আতিকুর রহমান ও আব্দুর সাত্তার নিনির হাত ধরে সোনা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০২ ম্যানচেস্টারের আসরে ১০ মিটার এয়ার রাইফেলে আসিফ হোসেন খান জিতেছিলেন সোনা। এছাড়া আব্দুল্লাহ হেল বাকি ও শাকিল আহমেদ পেয়েছিলেন রুপা।

কিন্তু অলিম্পিকে বাংলাদেশের কোনো শুটার আজ অবধি পদকের লড়াইয়ে উঠতে পারেননি। ২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে বাকি ৬২১ দশমিক ১ স্কোর গড়ে ৫০ জনের মধ্যে ২৫ তম হয়েছিলেন।

টোকিওর গত আসরেও এই ইভেন্টে খেলেছিলেন বাকি; ৬১৯ দশমিক ৮ স্কোর গড়ে ৪৭ জনের মধ্যে ৪১তম হয়ে ছিটকে যান বাছাই থেকে। 

গত জানুয়ারিতে ইন্দোনেশিয়াতে হওয়া প্রতিযোগিতায় মাত্র ০ দশমিক ৩ পয়েন্টের জন্য সরাসরি অলিম্পিকসে খেলার টিকেট বঞ্চিত হয়েছিলেন রবিউল। তবে তিনি সুযোগ পান ওয়াইল্ড কার্ড পাওয়ার সুবাদে, কিন্তু বাংলাদেশের শুটারদের সেরা আটে থাকতে না পারার হতাশা ঘুচল না এবারও।