Published : 05 Aug 2025, 11:18 PM
পোর্তোর সাবেক অধিনায়ক জর্জ কস্তা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা গেছেন তিনি।
পর্তুগালের সাবেক এই ডিফেন্ডার পোর্তোর ফুটবল পরিচালক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার ক্লাবের ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে, কিন্তু বাঁচানো যায়নি।
জোসে মরিনিয়োর কোচিংয়ে ২০০৪ সালে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন কস্তা। তার আগের বছর জিতেছিলেন উয়েফা কাপ, বর্তমানে যেটা ইউরোপা লিগ।
পোর্তোর হয়ে টানা পাঁচটি লিগ শিরোপা জয়ী ছয় ফুটবলারের একজন তিনি। স্বদেশের ক্লাবটির হয়ে ১৩ মৌসুম খেলে তিনি শিরোপা জেতেন মোট ২৪টি।
গোটা ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ম্যাচ খেলেন ৫৩০টি, এর মধ্যে ৩৮৩টি পোর্তোর হয়ে, পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ৫০টি।
২০০৬ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টেনে কোচিংয়ে যোগ দেন কস্তা। পর্তুগাল, রোমানিয়া, সাইপ্রাস, তিউনিসিয়া, ভারতসহ বিভিন্ন দেশের অনেক ক্লাবকে কোচিং করিয়ে গত বছরের এপ্রিলে পোর্তোর ফুটবল পরিচালকের দায়িত্ব নিয়েছিলেন তিনি।