২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে ফিরে পাওয়ার অপেক্ষায় সান্তোস

যে ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করে বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়েছেন নেইমার, সেই ক্লাব আবার ফিরে পেতে চায় এই তারকাকে।

নেইমারকে ফিরে পাওয়ার অপেক্ষায় সান্তোস
সৌদি আরবে পাড়ি দেওয়ার পর মাঠেই বাইরেই সময় বেশি কাটছে নেইমারের। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 11:46 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

শীর্ষ লিগে ফেরার অভিযান সফল হয়েছে সান্তোসের। এবার বড় আরেকটি আশা পূরণের অপেক্ষায় ব্রাজিলের ক্লাবটি। ঐহিত্যবাহী ক্লাবটি ফিরে পেতে চায় তাদেরই গড়ে তোলা তারকা নেইমারকে।

১১ বছর বয়সে সান্তোসের একাডেমিতে যোগ দিয়েছিলেন নেইমার। ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে তার পথচলা শুরু। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলি রাঙিয়ে এই ক্লাবে খেলার সময়ই জাতীয় দলে তার অভিষেক ২০১০ সালে।

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে থেকে তিনি পাড়ি জমান বার্সেলোনায়। হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের তারকা। বার্সেলোনা ও পিএসজির হয়ে ১০ বছর ইউরোপিয়ান ফুটবলে কাটিয়ে গত বছর সৌদি আরবের ফুটবলে চলে যান তিনি। 

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী জুন পর্যন্ত। সেই চুক্তি শেষে ভবিষ্যৎ নিয়ে ৩২ বছর বয়সী এই তারকা ও তার সৌদি ক্লাবের মনোভাব বোঝার অপেক্ষায় আছে সান্তোস।

তবে সান্তোসের চাওয়া স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ক্লাবের সভাপতি মার্সেলো তেইসেইরা। 

“আমাদের ভাবনা পরিষ্কার ও বাস্তবসম্মত। তার (নেইমারের) বাবা এটা জানেন, তার স্টাফরা জানেন। তারা আমাকে চেনেন, সান্তোসকে জানেন। তবে এই মুহূর্তে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ একটি সক্রিয় চুক্তি তার এখনও আছে।”

২০১১ সালে নেইমারের অসাধারণ পারফরম্যান্সেই লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবের্তাদোরেসে সান্তোস শিরোপা জিতেছিল ৪৮ বছরের মধ্যে প্রথমবার। 

১১ বছর আগে ক্লাব ছেড়ে গেলেও নেইমারের প্রতি সান্তোসের ভালোবাসার কমতি নেই। আগামী রোববার ব্রাজিলের সেরি বি-তে সান্তোসের ম্যাচে নেইমারকে গ্যালারিতে পাওয়ার আশা করছেন বলেও জানালেন ক্লাব সভাপতি।

নেইমার যখন ছিলেন সান্তোসে। 

নেইমার যখন ছিলেন সান্তোসে।

“তার জন্য বক্স প্রস্তুত আছে, সবসময়ের জন্যই এটা। সে যদি ব্রাজিলে থাকে, সবসময়ই তাকে স্বাগত।”

সান্তোসের প্রতি অনুরাগও নেইমার প্রকাশ্যে বুঝিয়ে দেন নিয়মিতই। ক্লাবের ম্যাচ দেখার ছবি, ভিডিও নানা সময়ই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সান্তোসের ফুটবলারদের সঙ্গে কথা বলে দলকে উজ্জীবিতও করেন অনেক সময়ই।

১৯১২ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবার সেরি আ থেকে নেমে যায় গত বছর। তবে এই বছরই আবার শীর্ষ লিগে ফিরছে তারা। রোববারের ম্যাচ জিততে পারলে সেরি বি-তে শিরোপা জয়ও নিশ্চিত করে ফেলবে পেলের ক্লাব বলে পরিচিত দলটি। 

গত বছর আল হিলালে যোগ দেওয়ার পরপরই গুরুতর চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে পড়েন নেইমার। এক বছর পর ফিরে দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে টান লাগায় আবার বাইরে যেতে যেতে হয় তাকে। এই দফায় তার মাঠে ফিরতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।