বিশ্বকাপের বাকি ১৯ দিন: দি ট্রেবল ক্লাব
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ১৯ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে হ্যাটট্রিকের গল্প।
ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় এখন পর্যন্ত মোট ৫৪টি হ্যাটট্রিক হয়েছে। সবচেয়ে বেশি হয়েছিল ১৯৫৪ সালে সুইজারল্যান্ড আসরে, আটটি।
২০০৬ সালের জার্মানি আসরে একটিও হ্যাটট্রিকের দেখা মেলেনি।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত চার জন একাধিক হ্যাটট্রিক করেছেন: হঙ্গেরির সান্দর কোচিশ, ফ্রান্সের জুস্ত ফঁতেন, পশ্চিম জার্মানির জার্ড মুলার ও আর্জেন্টিনার গাব্রিয়েল বাতিস্তুতা।
একমাত্র ‘বাতিগোল’ নামে পরিচিত বাতিস্তুতা দুটি আসরে একটি করে হ্যাটট্রিক করেছেন; ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র আসরে গ্রিসের বিপক্ষে ও ১৯৯৮ সালে ফ্রান্স আসরে জ্যামাইকার বিপক্ষে। কাকতালীয়ভাবে তার দুটি হ্যাটট্রিকই হয় ২১ জুন।
একমাত্র বদলি খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন লাসলো কিশ। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও হাঙ্গেরির সাবেক এই ফরোয়ার্ডের; ১৯৮২ সালের স্পেন আসরে এল সালভাদরকে ১০-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সাত মিনিট ৪২ সেকেন্ডে তিনটি গোল করেন তিনি।
আর ম্যাচের শুরু থেকে দ্রুত সময়ে হ্যাটট্রিকের রেকর্ড অস্ট্রিয়ার এরিক প্রবস্টের। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড আসরে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে প্রথম ২৪ মিনিটেই হ্যাটট্রিক করেন এই স্ট্রাইকার।
আর ফাইনালে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড জিওফ হার্স্টের। ১৯৬৬ সালে ইংল্যান্ড আসরে তার তিন গোলের সুবাদে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়ে একমাত্র শিরোপা জয় করে ইংলিশরা।
কয়েক দশক পর, দ্বিতীয় ফুটবলার হিসেবে গত আসরে ফাইনালে হ্যাটট্রিকের কীর্তি গড়েন কিলিয়ান এমবাপে। যদিও শেষ হাসি হাসতে পারেননি তিনি, তার দল ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা।
