১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ খেলতে কার্ভাহালকে কী করতে হবে, জানালেন কোচ

একই সঙ্গে লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, দলে জায়গা না পেলে পেছনের কারণটা বুঝতে পারবেন অভিজ্ঞ ডিফেন্ডার।

বিশ্বকাপ খেলতে কার্ভাহালকে কী করতে হবে, জানালেন কোচ
দানি কার্ভাহাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:14 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

মৌসুম জুড়ে চোটে ভুগেছেন দানি কার্ভাহাল। এখনও মাঠের বাইরে আছেন পায়ের আঙুলের সমস্যায়। এখন তাই প্রশ্ন উঠছে, বিশ্বকাপের আগে কি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য কার্ভাহালকে বৈশ্বিক আসরে পাওয়ার আশায় আছেন। তবে প্রয়োজনে কঠিন সিদ্ধান্তও নেওয়া হতে পারে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

গত মৌসুমেও চোট ভুগিয়েছে ৩৪ বছর বয়সী কার্ভাহালকে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পেরেছিলেন সব প্রতিযোগিতা মিলিয়ে স্রেফ ১২টি ম্যাচ।

আর এবার হাঁটু ও পেশির সমস্যায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তার অনুপস্থিতিতে চলতি মৌসুমের শুরুতে লিভারপুল থেকে আসা ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে খেলান রেয়াল মাদ্রিদ কোচ।

পরে কার্ভাহাল সেরে উঠলেও, অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ওপরই আস্থা রাখেন কোচ। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে কেবল ২০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন স্প্যানিশ রাইট-ব্যাক। 

ডান পায়ের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে কার্ভাহালের। রেয়ালের সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি থাকা এই ফুটবলারের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সেটাও নিশ্চিত নয়।

এমন অবস্থায় কার্ভাহালকে কি বিশ্বকাপ দলে রাখবে স্পেন, স্বাভাবিকভাবেই উঠছে এমন প্রশ্ন। আবার বৈশ্বিক আসরের আগে চোট সমস্যা কাটিয়ে উঠতে পারবেন কিনা তিনি, আছে সেই অনিশ্চতাও।

সম্প্রতি নিজের আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠানে কার্ভাহালকে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় লা ফুয়েন্তেকে। সেখানেই এই ফুটবলারকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। 

“সে সত্যিকারের এক অধিনায়ক। আশা করি, সে দ্রুত সেরে উঠবে। গতকাল তার সঙ্গে কথা হয়েছে। তার চোট গুরুতর কিছু নয়। তবে, নিজের সামর্থ্য মেলে ধরতে তার সময় প্রয়োজন।”

“সে নিজেকে ফিট প্রমাণ করে দলে জায়গা করে নিতে পারে কিনা, আমরা দেখব। তাকে যেমন জাতীয় দলে এনেছিলাম, এখন যদি সেটার বিপরীত সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে সে ব্যাপারটি বুঝতে পারবে।”

তবে লা ফুয়েন্তের বিশ্বাস, নিজেকে প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নেবেন কার্ভাহাল।

“আশা করি, সে সেরে উঠবে এবং সেরা অবস্থায় ফিরবে। এতে আমরা সবাই খুশি হব।”

২০২২ কাতার বিশ্বকাপে স্পেনের প্রতিনিধিত্ব করেন কার্ভাহাল। দুই বছর পর দলটির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পান তিনি। সব মিলিয়ে, স্পেনের জার্সিতে ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ফুটবলার।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে স্পেন। যেখানে তাদের তিন প্রতিপক্ষ হলো- কেপ ভার্দ, সৌদি আরব ও উরুগুয়ে।

আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন। ২১ জুন সৌদি আরব ও ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা।