১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার খেলা দেখে ‘ভীত’ ফাব্রেগাস

চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার আগে কিছুটা ভয় পাচ্ছেন কোমোর প্রধান কোচ।

বার্সেলোনার খেলা দেখে ‘ভীত’ ফাব্রেগাস
সেস্ক ফাব্রেগ্রাস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 08:06 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে কোমোর। সেই কথা ভাবতেই যেন ‘ভয় লাগছে’ ইতালিয়ান ক্লাবটির কোচ সেস্ক ফাব্রেগ্রাসের।

ফাইনর্টকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সেলোনা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় প্রথমবার খেলতে আসা কোমোর শুরুটাও হয়েছে দুর্দান্ত। জার্মান ক্লাব লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

লা লিগায়ও দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার অভিযানে ভালোভাবেই ছুটছে তারা। লিগ ম্যাচে এলচেকে ৫-০, আথলেতিক বিলবাওকে ২-০, রায়ো ভাইয়েকানোকে ৫-২ এবং ভালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে বার্সেলোনার মুখোমুখি হবে কোমো। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে একসময় মাঠ মাতান স্পেনের হয়ে একটি বিশ্বকাপ ও দুটি ইউরোজয়ী তারকা ফাব্রেগাস। এছাড়া আর্সেনাল, চেলসি ও মোনাকোর হয়েও খেলেন তিনি। ক্যারিয়ার শেষ করেন কোমোতে। আর এখন এই ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

লাইপজিগ ম্যাচের পর বার্সেলোনার মুখোমুখি হওয়া নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ফাব্রেগাস।

“গতকাল বার্সার ম্যাচ দেখেছি। আমার বলতেই হবে, ফাইনর্ট খুবই ভালো দল, কিন্তু বার্সা আপনাকে অসহায় বানিয়ে ফেলে, কারণ তারা প্রতিটি মুহূর্তে সমাধান খুঁজে নেয়।

“আপনি তাদেরকে ম্যান-টু-ম্যান মার্কিং করে রুখতে পারেন, যেমন তারা (ফাইনর্ট) রদ্রি বা পেদ্রিকে এভাবে আটকে রাখার চেষ্টা করেছিল। কিন্তু বার্সা সব জায়গাতেই সমাধান খুঁজে নেয়। যে-ই খেলুক, তারা খুব উচ্চমানের পারফরম্যান্স করে। এটা সত্যিই ভীতিকর। এই মুহূর্তে তারা যে পর্যায়ের ফুটবল খেলছে, তা ভয় ধরিয়ে দেওয়ার মতো।”

আগামী জানুয়ারির শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে খেলবে কোমো।