২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনার দেস্তকে ধারে নিল মিলান

চলতি মৌসুমের পুরোটা সময় সেরি আ চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 02:58 PM

Updated : 02 Sep 2022, 04:25 PM

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, সের্জিনো দেস্তকে ছেড়ে দিতে চায় বার্সেলোনা। তবে মিলছিল না তেমন ভালো প্রস্তাব। অবশেষে দলবদলের শেষ দিনে এসে যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডারকে ধারে এসি মিলানে পাঠাল কাতালান ক্লাবটি।

উভয় ক্লাবই বৃহস্পতিবার রাতে আলাদা আলাদা বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে এক মৌসুমের চুক্তি করেছেন দেস্ত। চুক্তিপত্রে ইতালিয়ান ক্লাবটির তাকে কিনে নেওয়ার সুযোগও আছে।

আয়াক্সের যুব একাডেমিতে বেড়ে ওঠা দেস্ত ২০২০ সালে ডাচ ক্লাবটি থেকেই বার্সেলোনায় যোগ দেন। ২১ বছর বয়সী এই ফুল-ব্যাক বার্সেলোনার হয়ে সব মিলিয়ে খেলেছেন ৭২টি ম্যাচ। গোল করেছেন তিনটি, করিয়েছেন চারটি।

যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলা দেস্তকে নিয়ে বৃহস্পতিবার শেষ হওয়া গ্রীষ্মের দলবদলে সাত জন খেলোয়াড় দলে টানল মিলান।

সেরি আ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি তাদের। চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আতালান্তা।