Published : 17 Oct 2022, 01:17 AM
কাজ করেনি ছক, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল। চ্যাম্পিয়ন্স লিগে টানা ব্যর্থতার মাঝে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের মনে হচ্ছে, নেতিবাচকতার বৃত্তে আটকে গেছে তার দল। এই বৃত্ত ভাঙতে খেলোয়াড়দের আরও পরিণত ও শাণিত হওয়ার বার্তা দিলেন তিনি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ক্লাসিকোয় ৩-১ ব্যবধানে হারে বার্সেলোনা। করিম বেনজেমা ও ফেদে ভালভেরদের গোলে পিছিয়ে পড়া দলকে শেষ দিকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ এনে দেন ফেররান তরেস। কিন্তু রদ্রিগোর গোলে সে আশাও গুঁড়িয়ে যায়।
এ হারে লা লিগার পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল বার্সেলোনা। ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৫। আসরে প্রথম হারের স্বাদ পাওয়া বার্সেলোনার পয়েন্ট ২২।
প্রথমার্ধেই দুই গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে বার্সেলোনা। দ্বাদশ মিনিটে আলগা বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার বেনজেমা। ৩৫তম মিনিটে ফেরলঁদ মঁদির কাটব্যাক থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভেরদে।
৮৩তম মিনিটে তরেসের গোলে যে ক্ষীণ আশাটুকু দেখেছিল বার্সেলোনা, তাও মিইয়ে যায় রদ্রিগোর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের লক্ষ্যভেদে। ক্লাসিকোর মর্যাদার দ্বৈরথে হারের পর শাভির কণ্ঠেও যেন ফুটে উঠল অসহায়ত্ব।

“আমরা একটা নেতিবাচকতার চক্রে আটকা পড়ে গেছি। কোনো কিছু কাজ করছে না…আমরা ভালো খেলিনি। প্রায় কোনো কিছু নিয়েই আমি খুশি নই, হারলাম ৩-১ গোলে।”
“(গত ম্যাচগুলোয়) আমরা লা লিগায় খুব ভালো করছিলাম, কিন্তু আমাদের বল প্রয়োগে, আগ্রাসনে উন্নতি করতে হবে…আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে প্রতি-আক্রমণ কিভাবে ঠেকাতে হবে, সেটা আমাদের শিখতে হবে এবং প্রথম গোলটা আমরা হজম করলাম ট্রানজিশনের সময়ে।”
ক্লাসিকোয় নামার আগের ম্যাচে বড় এক ধাক্কা খায় বার্সেলোনা। নিজেদের মাঠ কাম্প নউয়ে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার খাদের কিনারে চলে গেছে তারা।
বার্সার বিপক্ষে জয়ের ধরনে বেশি খুশি মদ্রিচ
সান্তিয়াগো বের্নাবেউয়ে সেই আগের ভুলগুলোই শিষ্যদের করতে দেখলেন শাভি। তারপরও বার্সেলোনা কোচের দাবি, চ্যাম্পিয়ন্স লিগের ফলের প্রভাব পড়েনি ক্লাসিকোয়।
“আমাদের বিশ্বাস এবং আত্মসচেতনতা আছে। এটা ফুটবল, ভাগ্য ভালো যে, এখানে তিন পয়েন্টের খেলা হয়েছে। গত বুধবার ইন্টারের বিপক্ষে যেটা হয়েছে, সেটা ছিল দুর্ভাগ্য। যদিও আমি মনে করি না, ওই ম্যাচের প্রভাব ক্লাসিকোয় পড়েছে।”
“আজ খুব ভালো না খেলেও আমরা শেষ দিকে ম্যাচ ড্র করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুযোগ নষ্ট করলে শাস্তি পেতেই হবে।”
দলকে দুঃসময়ের বলয় থেকে বের করে আনার চেষ্টায় শাভি সেরা একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিলেন। শিষ্যদেরকে আরও পরিণত ফুটবল খেলার তাগাদা দিলেন তিনি।
গোলে ফিরলেন বেনজেমা, ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল
“হয়ত, ভিন্ন কিছু চেষ্টা করার এটাই সময়। আমাদের আরও পরিণত হওয়া প্রয়োজন, যেমনটা রিয়াল মাদ্রিদ। তারা জানে কিভাবে (ম্যাচের লাগাম) ধরে রাখতে হয় এবং কখন কী প্রতিক্রিয়া জানাতে হয়, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কিভাবে সুযোগ কাজে লাগাতে হয়। তারা আমাদের চেয়ে অনেক বেশি পরিণত ও অভিজ্ঞ দল এবং আজ মাঠে সেটা পরিষ্কার হয়েছে।”
“আমি কোনো খেলোয়াড়ের দিকে অভিযোগের আঙুল তুলছি না। আমি দায়িত্বে আছি, এই জাহাজের ক্যাপ্টেন আমি। ভুলগুলো হয়েছে এবং আমাদের কেবল বেড়ে ওঠা এবং আরও পরিণত হওয়া দরকার।”