১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আতলেতিকোয় যাওয়ার গুঞ্জনের মাঝে টটেনহ্যাম ছাড়লেন রোমেরো

সংবাদমাধ্যমের খবর, তাকে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে দলে পেতে টটেনহ্যামের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ ক্লাবটি।

আতলেতিকোয় যাওয়ার গুঞ্জনের মাঝে টটেনহ্যাম ছাড়লেন রোমেরো
ক্রিস্তিয়ান রোমেরো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 02:57 AM

Updated : 11 Sep 2026, 03:50 PM

কিছুদিন ধরে টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোর আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এসব খবরের মাঝে, প্রিমিয়ার লিগের ক্লাবটিকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার।

২০২১ সালে টটেনহ্যামে যোগ দেন রোমেরো এবং গত বছর দলটির নেতৃত্ব পান তিনি। এখানে পাঁচ বছরে মোট ১৫৬টি ম্যাচ খেলা এই সেন্টার-ব্যাক শুক্রবার ইনস্টাগ্রামে ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন।

“দারুণ সব স্মৃতি হৃদয়ে ধারণ করে এবং একত্রে যা কিছু করেছি এবং যত কিছু অর্জন করেছি, সেই গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি।”

২০২৪-২৫ প্রিমিয়ার লিগে হতাশাভরা যাত্রার মাঝেই ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয় টটেনহ্যাম এবং দলের ওই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ইউরোপা লিগের ওই আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমেরো।

সংবাদমাধ্যমের খবর, ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে কিনতে চার কোটি ইউরো দিতে রাজি হয়েছে আতলেতিকো। 

রোমেরো আরও লিখেছেন, “একসময় আমি আপনাদের একজন ছিলাম। আজ, আমি আপনাদের সারাজীবনের একজন হয়ে বিদায় নিচ্ছি।”

আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার গত মাসে শেষ হওয়া এবারের বিশ্বকাপেও ছিলেন দলের সঙ্গী। রানার্সআপ হওয়ার পথে দলের আট ম্যাচের সাতটিতে খেলেন তিনি।