Published : 16 Aug 2026, 04:02 PM
চেলসির জার্সিতে প্রথম মাঠে নেমেই জালের দেখা পেলেন মর্গ্যান রজার্স। জোড়া গোলে আলো ছড়ালেন জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগ অভিযানে নামার আগে, প্রাক-মৌসুমে শেষ প্রস্তুতি ম্যাচে দল পেল প্রত্যাশিত জয়। এসব ইতিবাচক ঘটনার মাঝে অনাকাঙ্ক্ষিত কারণে খবরের শিরোনাম হলেন এন্সো ফের্নান্দেস। বদলি নেমে ক্লাবের সমর্থকদের একাংশের দুয়ো শুনলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলে জয়ের পথে ৬২তম মিনিটে রিস জেমসের বদলি নামেন ফের্নান্দেস। মাঠে নামা থেকে শুরু করে বাকি সময়ে বারবার দুয়ো শুনতে হয়েছে তাকে।
অথচ গত মৌসুমেও তিনি ছিলেন সমর্থকদের কাছে প্রিয়। পরিস্থিতি হয়তো উল্টে গেছে, তিনি দল ছেড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করায়।
চলতি গ্রীষ্মের দলবদলের শুরুতে রেয়াল মাদ্রিদে যোগ দিতে ইচ্ছুক ছিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। পরে অবশ্য তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে রেয়াল মাদ্রিদ। এরপর, ফের্নান্দেসের প্রতিনিধি ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা শুরু করে।
ফের্নান্দেসকে ছাড়তে রাজি ছিল চেলসিও; তবে সেজন্য তারা ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফি এবং গত শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এই সময়ের মধ্যে কোনো ক্লাবের কাছ থেকেই প্রস্তাব পায়নি তারা।
ওই সময়সীমা পেরিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের পর, সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামেন ফের্নান্দেস এবং ওই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন তিনি।
ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগে, চেলসির স্কোয়াডে তার নাম ঘোষণার সময়ই আগেভাগে গ্যালারিতে উপস্থিত কিছু দর্শক দুয়ো দেয়। এরপর, ৬২তম মিনিটে তার মাঠে নামার সময়ও দুয়ো শোনা যায়।
ক্লাবটির সমর্থকরা অবশ্য দুই ভাগে বিভক্ত ছিল, আরেক পক্ষ তার নামে উল্লাসও করে। তবে ফের্নান্দেসের প্রতি কোচ শাবি আলোন্সো ও ক্লাবের যে সমর্থন আছে, সেটারও একটা ধারণা মেলে তার মাঠে নামার সময়; জেমস উঠে যাওয়ার সময় অধিনায়কের আর্মব্যান্ড দীর্ঘদিনের সহ-অধিনায়ককে দিয়ে যান তিনি।
ম্যাচের বাকি সময়ে, ফের্নান্দেস যতবার বল ছুঁয়েছেন ততবার একই সময়ে দুয়ো ও সমর্থনে ধ্বনি শোনা গেছে।
প্রকাশ্যে রেয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা, চেলসিতে সে যোগ্যতা অনুযায়ী যথেষ্ট পায় না- তার এজেন্ট হাভিয়ের পাস্তোরের এমন দাবি করা এবং সব মিলিয়ে ক্লাবের প্রতি ‘পূর্ণ আনুগত্য প্রকাশে ব্যর্থ হওয়ায়’ ক্লাবের সমর্থকদের অন্তত একটা অংশের কাছে অপ্রিয় হয়ে উঠেছেন ফের্নান্দেস। সামনের দিনগুলোতে এটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে।
আগামী ২৪ অগাস্ট লিগে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমে যাত্রা শুরু করবে চেলসি।