১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাফ ফুটসালে প্রথম জয় পেল বাংলাদেশ

দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল বাংলাদেশ।

সাফ ফুটসালে প্রথম জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ ফুটসাল দল। ছবি: সাফ

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 09:27 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

মঈন আহমেদের জোড়া গোলে প্রথমার্ধ বাংলাদেশ শেষ করল দারুণ স্বস্তি নিয়ে। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিল ভুটান। এর পরপরই দুইবার লক্ষ্যভেদ করে, সব শঙ্কা উড়িয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় পেল বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রোববার ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়ী দলের অন্য দুই গোলদাতা ফয়সাল হোসেন ও ইব্রাহিম আহমেদ। 

ভারতের বিপক্ষে ৪-৪ ড্র করে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারে ৬-১ গোলে। তিন ম্যাচে সাঈদ খোদারাহমির দলের পয়েন্ট ৪।

ভুটানের বিপক্ষে আশা জাগানিয়া শুরু পায় বাংলাদেশ। পঞ্চম মিনিটেই সতীর্থের লং পাসে সার্কেলের ভেতর থেকে ট্যাপ করে জালে বল জড়ান মঈন। দশম মিনিটে প্রতিপক্ষের পাস দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কাশেমের কাছের পোস্টে নেওয়ার শট গোলকিপার ঠেকালে ব্যবধান দ্বিগুণ হয়নি। এ অর্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠা ভুটান দশম মিনিটে দূরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করে ম্যাচ জমিয়ে তোলে। একটু পর প্রতিপক্ষের একটি জোরাল শট আটকে বাংলাদেশের ত্রাতা গোলকিপার জাহিদ হাসান বাপ্পী।

ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ভুটানের একটি শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। এর একটু পর এক মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ। ফয়সাল গোলমুখ থেকে প্লেসিং শটে এবং রাহবার ওয়াহেদের ক্রস থেকে ইব্রাহিম লক্ষ্যভেদ করেন। তাতে একটু জেগে ওঠা অনিশ্চয়তার মেঘ যায় সরে।

রাউন্ড রবিন লিগে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।