২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার কেজি ওজন ফিরে পেয়ে এমবাপের দুই গোল

কিলিয়ান এমবাপের ওজন ফিরে পাওয়ার গল্প শোনানোর পাশাপাশি রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো উচ্ছ্বসিত প্রশংসা করলেন আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 12:36 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ওজন কমানো যেমন অনেক সময় গুরুত্বপূর্ণ, তেমনি ওজন বাড়ানোও কখনও কখনও আদর্শ ফিটনেসের অংশ। শরীর সমন্বয় তো ঠিক রাখতে হবে! এই যেমন কিলিয়ান এমবাপে। ক্লাব বিশ্বকাপের সময় অসুস্থ হয়ে বেশ কিছুদিন মাঠে বাইরে ছিলেন তিনি। ওজনও কমে গিয়েছিল। এখন তা ফিরে পেয়েছেন। মাঠেও জ্বলে উঠছেন। রেয়াল মাদ্রিদ তারকার জোড়া গোলের পর সেটিই তুলে ধরলেন কোচ শাবি আলোন্সো।  

লা লিগায় রোববার ওবিয়েদোর বিপক্ষে রেয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ে দুটি গোল করেন এমবাপে। শেষ দিকে অন্য গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।

এবারের লিগে প্রথম ম্যাচেও এমবাপের পেনাল্টি গোল জয় এনে দিয়েছিল রেয়ালকে। গত মৌসুমে অভিষেকে রেয়ালের জার্সিতে রেকর্ড গড়া তারকা নতুন মৌসুমও শুরু করলেন দারুণভাবে।

মাঠের ভেতরে-বাইরে এমবাপের পারফরম্যান্স ও দলে সামগ্রিক প্রভাব দেখে ম্যাচ শেষে মুগ্ধতার কথাই জানালেন কোচ আলোন্সো। 

“সে চার কেজি ওজন ফিরে পেয়েছে। ক্লাব বিশ্বকাপে চার কেজি হারিয়েছিল। গত মৌসুমের কথা বলতে পারব না, আমি ছিলাম না। তবে এখন তাকে ভালো মনে হচ্ছে। দারুণ উজ্জীবিত সে এবং দলেও তা ছড়িয়ে দিচ্ছে। তার ল্যাপগুলো দেখতে আমার খুব ভালে লাগে। আমরা জানতাম সে গোল করবেই। তবে যখন আমরা এই দূরত্বগুলো পাড়ি দিতে পারি সবাই কাছাকাছি জায়গায় থেকে, তখন পরস্পরকে খুঁজে পেতে কাজে লাগে।”

“আজকে সে দারুণ খেলেছে। আগের ম্যাচেও ভালো করেছে। এখনও আমাদের উন্নতি করতে হবে এবং খুঁজে দেখছি কোন জায়গায় ঠিকঠাক করা জরুরি। তবে দলের ভেতরের অনুভূতি ইতিবাচক।”

এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন আলোন্সো। এর মধ্যে একটি ছিল ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনোকে একাদশে রাখা। ১০ দিন আগে রেয়ালে পা রাখা আর্জেন্টাইন তরুণের লা লিগায় অভিষেক হয় গত ম্যাচে বদলি হিসেবে নেমে। দ্বিতীয় ম্যাচেই জায়গা পেলেন শুরুর একাদশে। 

মাস্তানতুয়োনোর পারফরম্যান্সেও উচ্ছ্বসিত কোচ। ১৮ বছর বয়সী আর্জেন্টাইনের সামনে তিনি দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যৎ। 

“ফ্র্যাঙ্কো দারুণ খেলেছে। খুব কম সময়ের মধ্যেই দলে মানিয়ে নিয়েছে সে এবং দলের অবিচ্ছেদ্য অংশ মনে হচ্ছে তাকে। প্রতিদিনের কাজে এবং ম্যাচেও খুবই সম্পৃক্ত হতে পেরেছে। আমাদেরকে অনেক কিছুই দেবে সে। তার প্রাণশক্তি দারুণ, বাঁ পা দুর্দান্ত।”

“তার বয়স এখনও অনেক কম। দলের ভেতরের প্রক্রিয়ায় থেকে সে উন্নতি করতে থাকবে। আমি খুশি যে, সে আমাদের দলে আছে।”