Published : 03 Aug 2026, 01:41 PM
গত মৌসুমের একটা পর্যায়ে চারটি ট্রফি জয়ের হাতছানি ছিল আর্সেনালের সামনে। সেটি পরে মিলিয়ে গেলেও সবচেয়ে বড় দুটি শিরোপা জয়ের সম্ভাবনা ছিল মৌসুমের একেবারের শেষ সময় পর্যন্ত। সেটি আর হয়নি। বহু কাঙ্ক্ষিত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরা দিলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারা হেরে যায়। সেই আক্ষেপ মুছে ফেলতে চায় তারা। ফরোয়ার্ড কাই হাভার্টজ বললেন, আগামী মৌসুমে সব আসরেই ট্রফি চাই তাদের।
২২ বছরের খরা ঘুচিয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগের ট্রফি জিতে নেয় তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টাইব্রেকারে হেরে যায় পিএসজির কাছে। ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যায় তারা লিগ কাপেও। এফএ কাপে তাদের পথচলা থামে কোয়ার্টার-ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ষষ্ঠ মিনিটে হাভার্টজের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পিএসজিকে সমতায় ফেরান উসমান দেম্বেলে।
এবার হাভার্টজ বললেন, নতুন মৌসুমে নিজেদের আরও এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ তারা।
“আমরা সবগুলো ট্রফিই চাই। এজন্যই এই ক্লাবে আছি আমরা। গত মৌসুমে আমরা প্রিমিয়ার লিগ জিতেছি, কিন্তু আমাদের আরও অনেক কিছু করার আছে।
এটাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের আরও এক ধাপ ওপরে উঠতে হবে, কারণ আমরা জানি মৌসুমটা কতটা দীর্ঘ এবং সবগুলো প্রতিযোগিতা পার করা কতটা কঠিন। আমরা এই বছর আরও ভালোভাবে খেলতে চাই এবং আবারও সাফল্য অর্জন করতে চাই।”
কাজটি সহজ হবে না মোটেও। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তো তাদের অধরাই। প্রিমিয়ার লিগে কখনোই টানা দুবার ট্রফি জয়ের নজির ক্লাবটির নেই। এবার প্রতিপক্ষ দলগুলিও শক্তি বাড়িয়েছে বেশ। আর্সেনাল তিন ফুটবলারকে দলে নিলেও এখনও বড় কোনো তারকাকে নেয়নি। যদিও ব্রুনো গিমারাইসকে তারা নিচ্ছে বলে জোর আলোচনা আছে, গুঞ্জন আছে ভিনিসিউস জুনিয়রকে নিয়েও।
অন্য দলগুলির শক্তি বাড়ানোর কথা বললেন হাভার্টজও। তবে নিজেদের ওপরও তার বিশ্বাসের কমতি নেই।
“আমার মনে হয় আমরা আরও এগিয়ে যেতে পারি, বা আমাদের যেতেই হবে। বিশেষ করে অন্য দলগুলোকে দেখা যাচ্ছে আরও ভালো হয়ে উঠতে, তাই আমাদের আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। আমার মনে হয়, আমরা সবাই এখানে সেজন্যই এসেছি, সেজন্যই অনুশীলন করি।
এই মৌসুমে আমরা আরও শক্তিশালীভাবে শুরু করতে এবং আবারও আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই।”
আগামী ১৬ অগাস্ট কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে আর্সেনাল। লিগ শিরোপা ধরে রাখার অভিযাস শুরু ২১ অগাস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে।